রোজদিন ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনে প্রদেশ কংগ্রেস একলা লড়ার সিদ্ধান্তে উজ্জীবিত দলের কর্মীরা। ইতিমধ্যে প্রার্থী হওয়ার জন্য ও দলের কাছে বার্তা আসতে শুরু করেছে বলে জানা গেছে। শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়ার পর রাজ্যে দলকে শক্তিশালী করার জন্য সব কিছু করতে পারেন বলে বার্তা দেন। রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনে একক ভাবে লড়ার ছাড়পত্রও হাই কমান্ডের থেকে আদায় করে নিয়েছেন।
এবার ২৯৪টি আসনে প্রার্থী বাছাই এর পালা। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রার্থী হতে চেয়ে ৬০০/৭০০ জনের আবেদন এসেছে। এতে খুশি তাঁরা। যাঁরা প্রার্থী হতে উৎসুক তাঁদের আবেদন ভাল করে যাচাই করা হবে। প্রতিটি জেলা, ব্লক স্তরের নেতা, প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে প্রার্থী তালিকা হবে বলে জানা গেছে।
নির্ভর যোগ্য সূত্রের খবর, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি এবারও বামেদের সঙ্গে জোট করে ভোটে লড়ার পক্ষে ছিলেন। বামেদের পক্ষে যেমন কোন বার্তা আসেনি, তেমনই বর্তমান নেতৃত্ব একলা লড়ার সিদ্ধান্তে অটল থাকায় হাই কমান্ড এতেই সবুজ সঙ্কেত দেয়। অধীর চৌধুরী এতে কিছুটা হতাশ হলেও দলের দীর্ঘদিনের একনিষ্ঠ সৈনিক হিসাবে তা মেনে নেন, ও দল যেমন ভাবে কাজ করতে বলবে, তাই করবেন বলে জানিয়ে দেন।
দলের আশা, মালদা, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের কিছু আসনে তাঁরা ভাল ফলের আশা করছেন।

Be the first to comment