রোজদিন ডেস্ক : কানপুরে নামী তামাক ব্যবসায়ী পুত্রর বিলাসবহুল গাড়ির ধাক্কায় একের পর এক পথচারীর আহত হওয়া নিয়ে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। রবিবার সন্ধ্যায় গোয়ালতলির ভি আই পি রোডে এই গাড়িটি ফুট পাথে উঠে গিয়ে একাধিক পথচারী, দু-চাকার যানকে পরপর ধাক্কা দেয়। স্থানীয় মানুষ এর প্রতিবাদে সরব হলে ব্যবসায়ী পুত্র, তাঁর নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাদ বিতন্ডা বাধে। সূত্রের খবর, বিশিষ্ট তামাক ব্যবসায়ী এস এস মিশ্রর পুত্র শিবম মিশ্র গাড়িটি চালাচ্ছিলেন, নিয়ন্ত্রণ হারিয়ে তা ফুটপাথে উঠে যায়। এর ধাক্কায় ছয় জন পথচারী আহত হন, একাধিক যানেও তা ধাক্কা দেয়। দ্রুত গতিতে চালানোর জন্যই এই দুর্ঘটনা হয় বলে স্থানীয় মানুষের অভিযোগ। এরপর শিবম গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা তাঁকে ধরে ফেলে। আরেকটি গাড়িতে থাকা তাঁর নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাঁদের তুমুল বচসা হয়। ক্ষুব্ধ জনতা গাড়ির কাঁচ ভেঙে দেয়। ইতিমধ্যে পুলিশ এসে শিবমকে সরিয়ে নেয়, আহতদের হাসপাতালে নিয়ে যায়। কিন্তু এফআইআরে অজ্ঞাতনামা চালকের কথা লেখে। এই খবর পেয়ে স্থানীয় মানুষের ক্ষোভ তুঙ্গে ওঠে। পরে চাপে পড়ে শিবম মিশ্রর নাম এফআইআরে লেখা হয়।
পরিস্থিতি এখনও থমথমে।

Be the first to comment