শুভেন্দুর জেলার দাপুটে বিজেপি নেতা যোগ দিলেন তৃণমূলে

Spread the love

রোজদিন ডেস্ক : বিধানসভা ভোটের মুখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে আরও চাপে পড়ল বিজেপি। ময়নার দাপুটে বিজেপি নেতা চন্দন মণ্ডল শুক্রবার যোগ দিলেন তৃণমূলে। এদিন তৃণমূল ভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং তমলুক সাংগঠনিক জেলার নেতা সুজিত রায়ের হাত থেকে দলীয় পতাকা নিয়ে দলবদল করেন চন্দন মণ্ডল। পূর্ব মেদিনীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দৌলতে তমলুক, ময়না, কাঁথি-সহ একাধিক এলাকায় পদ্ম ফুটেছে গত নির্বাচনে। ময়নার বিজেপি নেতা তথা জেলা কমিটির পদাধিকারী চন্দন মণ্ডলেরও এর পিছনে বড় ভূমিকা ছিল। বাগচা এলাকায় বিজেপিকে জেতানোর দায়িত্ব ছিল চন্দনের ওপরেই। ছাব্বিশের ভোটের আগে সেই চন্দনই খেলা ঘুরিয়ে দেবেন এমনই আশা করছে তৃণমূল। এদিন যোগদানের পর তিনি জানান, রাজনৈতিক নয়, নৈতিক কারণেই তিনি দলবদল করলেন। ময়নার মানুষের জন্য আমি কাজ করতে চাই। ওখানে এতদিন ধরে বিজেপির একজন বিধায়ক আছেন, কিন্তু তিনি কিছুই করেননি। ময়নার মানুষ মূলত মৎস্যজীবী। তাঁদের মাছচাষ নিয়ে হাজার সমস্যা। আমি মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সে সব জানিয়েছিলাম। তাঁরা আমাকে আশ্বাস দিয়েছেন যে সমাধান করবেন। আমি চাই, তৃণমূলের উন্নয়নের সঙ্গে থেকে ময়নাবাসীর সমস্যার সমাধান করতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*