রোজদিন ডেস্ক : গত ২৫ জানুয়ারি বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘের পরিচালনায় বাৎসরিক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন অভিনেত্রীর মিমি চক্রবর্তী। সেই অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই নানা বিতর্কে দানা বেধেছে।জেল হয়েছে অনুষ্ঠানের উদ্যোক্তা তনয় শাস্ত্রীর। জেল মুক্তির পরই এবার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে আইনি নোটিশ দিল বনগাঁ অনুষ্ঠানের উদ্যোক্তা তনয় শাস্ত্রী।
ওই নোটিশে তিনটি কথা উল্লেখ করা হয়েছে।এই অনুষ্ঠানের পারিশ্রমিক হিসাবে মিমিকে ২ লক্ষ ৬৫ হাজার টাকা দেওয়া হয়েছিল। সেদিনের অনুষ্ঠানে মিমির যাওয়ার কথা ছিল রাত সাড়ে ৯টায়। কিন্তু অভিনেত্রী প্রায় ২ ঘণ্টা পর সাড়ে ১১টা নাগাদ অনুষ্ঠানে উপস্থিত হন। স্টেজে উঠতেও বেশ কিছুটা সময় নেন। তাই ওই পারিশ্রমিক ফেরতের দাবি জানিয়েছেন তনয় শাস্ত্রী। পাশাপাশি মিমি তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় জেল পর্যন্ত হয়েছে তনয় শাস্ত্রীর। এরজন্য তনয় শাস্ত্রীর মানহানি হয়েছে। তাই ক্ষতিপূরণ হিসেবে ২০ লক্ষ টাকা দাবি করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে অভিনেত্রীকে। নাহলে দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে নোটিশে। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিনেত্রী মিমি চক্রবর্তীর কাছ থেকে।

Be the first to comment