রোজদিন ডেস্ক: রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আরও পিছতে পারে বলে ইঙ্গিত মিলছে। ২৮ ফেব্রুয়ারি তালিকা প্রকাশের কথা থাকলেও বিপুল সংখ্যক ভোটারের নথিপত্র এখনও যাচাইয়ের অপেক্ষায়। ফলে নির্ধারিত দিনে তালিকা প্রকাশ সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, সম্পূর্ণ নির্ভুল ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করাই নির্বাচন কমিশনের একমাত্র লক্ষ্য। সমস্ত নথির নিষ্পত্তি না হলে প্রয়োজনে কমিশনের কাছে অতিরিক্ত সময় চাওয়া হবে বলেও তিনি স্পষ্ট করেছেন। তাঁর কথায়, এখনও ৪ লক্ষ ৬৬ হাজারের বেশি ভোটারের তথ্য জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে যাচাইয়ের জন্য বাকি রয়েছে।
নথি সংক্রান্ত জটিলতার জেরে প্রায় ৩০ লক্ষ ভোটারের তথ্য পুনরায় মাইক্রো অবজারভার মারফত ইআরও ও এইআরও-দের কাছে ফের যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি অন্তত ২০ লক্ষ ভোটারের ক্ষেত্রে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি সংশ্লিষ্ট আধিকারিকেরা। নথি সংক্রান্ত সমস্যার নিষ্পত্তির জন্য চূড়ান্ত সময়সীমা আগামী শনিবার শেষ হচ্ছে। কিন্তু এই বিপুল পরিমাণ মামলার নিষ্পত্তি ওই সময়ের মধ্যে সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনিক মহলে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর স্পষ্ট জানিয়েছে, সমস্ত ঝুলে থাকা মামলার নিষ্পত্তি না হলে চূড়ান্ত তালিকা প্রকাশ করা সম্ভব নয়। ফলে সময়সীমা বাড়ার সম্ভাবনাই জোরালো হচ্ছে।
রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়া ঘিরে শুরু থেকেই বিতর্ক রয়েছে। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল প্রাথমিক পর্যায়ে। বৃহস্পতিবার জানা যায়, আরও ৪ লক্ষ ৪৪ হাজার ৯৭০ জন ভোটারের নাম অযোগ্য হিসেবে বাদ গিয়েছে, কারণ তাঁরা পর্যাপ্ত নথি জমা দিতে পারেননি। সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলে জানা যাচ্ছে।

Be the first to comment