রোজদিন ডেস্ক : আগামীকাল ২৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ও রাজ্য নির্বাচন কমিশনারদের নিয়ে জাতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। দীর্ঘ ২৭ বছর পর নয়াদিল্লির ভারত মণ্ডপমে দিনভরব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নির্বাচন কমিশন। শেষবার এমন বৈঠক হয়েছিল ১৯৯৯ সালে। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত থাকবেন নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্য নির্বাচন কমিশনাররা তাঁদের আইনি ও প্রযুক্তিগত বিশেষজ্ঞদের নিয়ে অংশ নেবেন। পাশাপাশি ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও-রাও বৈঠকে যোগ দেবেন। সম্মেলনের মূল লক্ষ্য হল নির্বাচন প্রক্রিয়া ও লজিস্টিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় জোরদার করা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা। আলোচনায় প্রযুক্তি বিনিময়, ইভিএম, ভোটার তালিকা এবং নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা ও সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সদ্য চালু হওয়া ‘ইসিনেট’ ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকারিতাও তুলে ধরা হবে। কমিশনের তরফে জানানো হয়েছে, সংবিধানের ৭৩তম ও ৭৪তম সংশোধনের ভিত্তিতে গঠিত রাজ্য নির্বাচন কমিশনগুলির ভূমিকা নিয়েও আলোচনা হবে।

Be the first to comment