শুরু হল জুডিশিয়াল অফিসারদের প্রশিক্ষণ পর্ব, এখনও চূড়ান্ত নয় ২৫০ জনের তালিকা

Spread the love

রোজদিন ডেস্ক : সুপ্রিম কোর্টের নির্দেশ মত বিচার বিভাগীয় অফিসারদের এসআইআর শুনানির জন্য প্রস্তুত করতে নির্বাচন কমিশন উদ্যোগী হয়েছে। এর অংশ হিসাবে কলকাতা ও বিভিন্ন জেলায় রবিবার থেকেই প্রশিক্ষণ ও প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। কলকাতা উত্তরের দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল অফিসারদের সঙ্গে প্রস্তুতি বৈঠক করেন রাজ্যের সিইও দপ্তরের প্রতিনিধিরা। জেসপ বিল্ডিংয়ে প্রায় দু’ঘণ্টা ধরে চলা ওই বৈঠকে মূলত লজিক্যাল ডিসক্রেপেন্সি সংক্রান্ত কতগুলি কাজ এখনও বাকি, কত সংখ্যক নথি যাচাই করতে হবে এবং সেটা কীভাবে করা হবে, এই বিষয়গুলি নিয়েই বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে ছিলেন কমিশনের বিশেষ রোল অবজার্ভাররাও। বৈঠকের পর চলে প্রশিক্ষণও। ইতিমধ্যে ৯৫ জন বিচারকের তালিকা প্রকাশ করেছে হাইকোর্ট। জুডিশিয়াল অফিসার হিসেবে কাজ করবেন এনডিপিএস ও পকসো আদালতের প্রায় ১০০ জন বিচারক। পাশাপাশি অন্যান্য আদালত থেকে আরও প্রায় ১৫০ জন বিচারককে এই কাজে যুক্ত করা হবে। হাইকোর্ট সূত্রে খবর, আপাতত মোট ২৫০ জন জুডিশিয়াল অফিসার নিয়োগ করা সম্ভব বলে মনে করা হচ্ছে। প্রতিটি জেলার জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে থাকবেন জেলা জজ, জেলাশাসক ও পুলিশ সুপার। সুপ্রিম কোর্টের নির্দেশ যথাযথ ভাবে পালিত হচ্ছে কি না, তা খতিয়ে দেখবে এই কমিটিই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*