রোজদিন ডেস্ক : এসআইআর পরবর্তী ভোটার তালিকাকে ঘিরে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের দুই পৃথক পরিসংখ্যানে দানা বাঁধল বিতর্ক। সন্ধ্যায় দেওয়া হিসাবে আর রাতে দেওয়া সংশোধিত হিসাবে চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যার পার্থক্য হয়ে গেলো ৬০ লক্ষের মত! সন্ধ্যায় সিইও দফতর থেকে বলা হয়েছিল, চূড়ান্ত তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটার সংখ্যা ৭,০৪,৫৯,২৮৪। সেখানে স্পষ্ট উল্লেখ ছিল, ৬০,০৬,৬৭৫ জন ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিবেচনাধীন ভোটারও এই চূড়ান্ত সংখ্যার অন্তর্ভুক্ত। কিন্তু রাতে ফের সংশোধিত পরিসংখ্যান পেশ করে সিইও দফতর। সেখানে চূড়ান্ত ভোটার সংখ্যা দেখানো হয়েছে ৬,৪৪,৫২,৬০৯। পাশাপাশি আলাদা করে উল্লেখ করা হয়েছে, ৬০.০৬ লক্ষ বিবেচনাধীন নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ হিসেবে চিহ্নিত। অর্থাৎ প্রথম নথিতে যে ৬০ লক্ষের বেশি বিবেচনাধীন ভোটারকে মোট সংখ্যার মধ্যে ধরা হয়েছিল, সংশোধিত নথিতে তাঁদের আলাদা শ্রেণিতে দেখানো হয়েছে। ফলে মোট ভোটার সংখ্যা প্রায় ৬০ লক্ষ কমে গিয়েছে। এছাড়াও লিঙ্গ অনুপাতের ক্ষেত্রেও পরিবর্তন চোখে পড়েছে। প্রথম নথিতে খসড়া ও চূড়ান্ত তালিকায় লিঙ্গ অনুপাত একই—৯৫৬—দেখানো হয়েছিল। কিন্তু সংশোধিত নথিতে চূড়ান্ত তালিকায় লিঙ্গ অনুপাত ৯৬৪ বলে উল্লেখ করা হয়েছে। ফলে দুই নথির তুলনায় স্পষ্ট, চূড়ান্ত ভোটার সংখ্যা দেখানোর পদ্ধতিতে পরিবর্তন হয়েছে। বিশেষ করে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ ভোটারদের গণনায় ধরা হবে কি না, সেই প্রশ্নেই মূল পার্থক্য।

Be the first to comment