রোজদিন ডেস্ক : চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সূত্রে খবর, আগামী ৮ মার্চ রাতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও তিন কমিশনার ও কর্তারা কলকাতায় পৌঁছে যাবেন। ৯ ও ১০ মার্চ বৈঠক করবেন রাজ্যের সিইও, প্রশাসনিক প্রতিনিধিদের সঙ্গে। স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও তাদের বৈঠক হতে পারে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শুধু আইনশৃঙ্খলা নয়, নির্বাচনী প্রস্তুতির সামগ্রিক পরিকাঠামো খতিয়ে দেখতে একাধিক দপ্তরের সঙ্গে আলোচনা করবে ফুল বেঞ্চ। পরিবহণ, স্বাস্থ্য, পূর্ত, বিদ্যুৎ এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে বিশেষ বৈঠকের কথাও রয়েছে। কারণ পশ্চিমবঙ্গের মতো বড় রাজ্যে নির্বাচন করতে কেবল কেন্দ্রীয় বাহিনীই যথেষ্ট নয়, প্রয়োজন প্রশাসনিক সমন্বয় ও পরিকাঠামোগত প্রস্তুতি।
অন্যদিকে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ। বর্তমানে রাজ্যে নির্বাচন কমিশন স্বীকৃত আটটি রাজনৈতিক দল রয়েছে। প্রত্যেক দলকে কমিশনের সামনে বক্তব্য রাখার জন্য দশ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। দলগুলি তাঁদের অভিযোগ, প্রস্তাব এবং দাবি কমিশনের কাছে তুলে ধরতে পারবে। এই দুই দিনের বৈঠকের পর দিল্লি ফিরে যাবেন কমিশনের সদস্যরা।

Be the first to comment