রোজদিন ডেস্ক : ভোটমুখি রাজ্যে এসে এক রাজ্যবাসীর উদ্দেশ্যে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। রাজ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর করা, আট মাসের মধ্যে সব শূন্যপদ পূরণ, চাকরিতে বয়েসের সীমাবৃদ্ধি ইত্যাদি জনমোহিনী বার্তা দেন তিনি।
আজ দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুরে দলের দ্বিতীয় দিনের পরিবর্তন যাত্রার সূচনা করে তিনি এই সব বলেন।
রাজ্যে সরকার বদলের ডাক দিয়ে রবিবার থেকে পরিবর্তন যাত্রা শুরু করেছে বিজেপি।
গতকাল দলের জাতীয় সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা, ধর্মেন্দ্র প্রধান সহ একাধিক নেতা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই যাত্রা সূচনা করেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের গতকাল আসার কথা ছিল। মধ্য প্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার জরুরি বৈঠক থাকায় আসেননি।
আজ মথুরাপুরে দলের পরিবর্তন যাত্রায় এসে তিনি রাজ্য সরকারকেও তুলোধুনো করেন। বলেন, সরকারের অনেক স্থায়ীপদ তুলে দেওয়া হয়েছে। সেই সব লুপ্তপদ তাঁরা ফিরিয়ে আনবেন। রাজ্যে চাকরির অপেক্ষায় বসে থেকে যাঁদের চাকরির বয়স চলে গেছে, তাঁরা ক্ষমতায় এলে তাঁদের বয়স সীমায় পাঁচ বছর ছাড় দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেও সুর সপ্তমে তোলেন অমিত শাহ।
শুধু রাজ্যের ক্ষমতা দখল ই তাঁদের এক মাত্র উদ্দেশ্য নয় জানিয়ে বলেন, তাঁরা চান এই রাজ্য কে অনুপ্রবেশ, দুর্নীতি থেকে মুক্ত করতে। নারী সুরক্ষা, সীমান্ত কে সুরক্ষিত করা,আইন শাসন আনা ই তাঁদের উদ্দেশ্য।
এবার রাজ্যে আবার তৃণমূলের সরকার এলে ভাইপোর ( অভিষেক ব্যানার্জি) শাসন হবে, মমতা দিদি র শাসন থাকবে না বলে মন্তব্য করেন।
মুখ্যমন্ত্রী র সমালোচনা করে বলেন, উনি সিএএর বিরোধিতা না করলে এতদিন সব শরণার্থী নাগরিকত্ব পেয়ে যেতেন।
রাজ্যসভার নির্বাচনে প্রাক্তন ডি জি রাজীব কুমারকে প্রার্থী করা নিয়ে তীব্র কটাক্ষ করে অমিত শাহ বলেন, রাজ্যের সব দুর্নীতি কে আড়াল করেছেন যিনি, তাঁকেই মুখ্যমন্ত্রী রাজ্যসভায় পাঠাচ্ছেন।
রাজ্যে সরকারিভাবে মন্দির করার সমালোচনা করেন তিনি। তাঁর কথায়, বাবরি মসজিদ তৈরির জন্য মুখ্যমন্ত্রী হুমায়ুন কবীরকে পরিকল্পনা করে বাইরে পাঠিয়েছেন।
সব সম্প্রদায়ই মুখ্যমন্ত্রীকে চিনে নিয়েছেন বলে মন্তব্য করে তিনি বলেন, এবার এদের বিদায় নিশ্চিত।
আজ ও একাধিক জায়গায় বিজেপির পরিবর্তন যাত্রার উদ্বোধন হয়। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান, মহারাষ্ট্রর মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরনবিশ, জাতীয় সভাপতি নীতিন নবীন এই সব যাত্রার উদ্বোধন করে রাজ্যে সরকার পরিবর্তনের আহবান জানান।

Be the first to comment