রোজদিন ডেস্ক : রাজ্যের বিরোধী দলনেতাকে পালটা দিতে আগামী ৮ মার্চ সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আয়োজনে রায়দিঘির গোপীনাথপুর মাঠেই হবে তৃণমূলের সমাবেশ। কারণ, ওই মাঠেই সভা করে গিয়েছেন শুভেন্দু অধিকারী। এবার সেখানেই সভা করবে তৃণমূল কংগ্রেস। বুধবার এই সভার পোস্টার লঞ্চ হল দলের তরফে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুক পেজে ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’ সমাবেশের পোস্টার লঞ্চ করেন। আপাতত এই সমাবেশের প্রস্তুতি চলছে জোরকদমে। মঙ্গলবার সভাস্থল ঘুরে সব ব্যবস্থা দেখেন সাংসদ বাপি হালদার ও জেলা প্রশাসনের কর্তারা। বিজেপি এই মাঠেই সভা করেছিল। সেই সভা থেকে মিথ্যাচার করেন শুভেন্দু-সহ বিজেপি নেতারা। তারপরেই বিজেপিকে কড়া জবাব দেওয়ার প্রস্তুতি শুরু করে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মাঠেই সভা করে বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার কথা জানান। কেন্দ্রীয় বঞ্চনা, রাজ্যের প্রাপ্য বকেয়া টাকা না দেওয়া এবং একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানানোর পাশাপাশি রাজ্যের উন্নয়নের খতিয়ানও তুলে ধরবেন অভিষেক। পোস্টার প্রকাশ করে দলের তরফে জানানো হয়েছে, গোপীনাথপুর মাঠে ৮ মার্চ দুপুর দুটোয় বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূলের ডাকে এই সমাবেশে মূল বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভাস্থলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা একাধিক বৈঠক করেছেন। দফায় দফায় সভাস্থল পরিদর্শন করছেন তৃণমূল নেতা-কর্মী ও পুলিশকর্তারা।

Be the first to comment