রোজদিন ডেস্ক : মধ্য প্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ঘুম কেড়েছে ভারত সহ বহু দেশের, অন্যদিকে ক্রমেই আক্রমণ তীব্র থেকে তীব্রতর করছে উভয় পক্ষই। যা নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক, উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
ইজরায়েলের সঙ্গে তাদের যৌথ আক্রমণে ইরান পালটা প্রত্যাঘাত হানায় আরও আগ্রাসী হচ্ছে আমেরিকা। এই প্রেক্ষিতে ইরানের ওপর আরও আঘাত হানার লক্ষ্যে মিনিটম্যান ৩ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো তারা। যা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে সারা বিশ্বে। সুত্রের খবর, এই ক্ষেপণাস্ত্র হিরোশিমায় ফেলা পরমাণু বোমার থেকেও অনেক বেশি শক্তি সম্পন্ন।
পিছিয়ে নেই ইরানও, তারাও মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে লাগাতার মার্কিন ঘাঁটিতে আক্রমণ করছে। কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণ ঘটিয়েছে তারা।
ইরানের ইসলামিক রেভ্যুলেশনারী গার্ড কোর (আইআরজিসি)-র দাবি, আজ সকালে তাদের নৌবাহিনী উত্তর উপসাগরে একটি মার্কিন ট্যাঙ্কারে আঘাত হেনেছে। তারা হুঙ্কার দিয়ে ঘোষণা করেছে, আমেরিকা, ইজরায়েল ও তাদের সহযোগী দেশগুলিকে কোনভাবেই এই পথে সামরিক বাণিজ্যিক জাহাজগুলিকে চলাচল করতে দেওয়া হবে না। তা দেখা গেলেই আক্রমণ করা হবে। আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালীতে যাতায়াত নিয়ন্ত্রণের অধিকার ইরানের আছে বলে তাদের দাবি।
গতকাল শ্রীলঙ্কা উপকুলে ইরানের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ায় রুষ্ট ইরান আমেরিকাকে এর ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে। দেশের বিদেশ মন্ত্রী আব্বাস আরাগাচি জানান, এই যুদ্ধ জাহাজ ভারতীয় নৌবাহিনীর অতিথি ছিল। আমেরিকা যেভাবে টর্পেডো দিয়ে তাকে ডুবিয়েছে, এর জন্য তাদের অনুশোচনা করতে হবে।
সূত্রের খবর, এ পর্যন্ত শ্রীলঙ্কা ৮৭ জনের মৃতদেহ ও ৩২ জনকে জীবিত উদ্ধার করেছে বলে জানিয়েছে। ওই জাহাজে ১৮০ জন আরোহী ছিলেন। বাকিদের কি হল তা নিয়ে তল্লাশি জারি আছে বলে জানা যায়।

Be the first to comment