রাজ্যসভার মনোনয়ন পেশ তৃণমূলের চার ও বিজেপির এক প্রার্থীর

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন তৃণমূলের চার প্রার্থী রাজীব কুমার, মেনকা গুরুস্বামী, কোয়েল মল্লিক ও বাবুল সুপ্রিয়। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বৃহস্পতিবার সময়ের আগেই বিধানসভায় পৌঁছে যান রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার। সোজা চলে যান মুখ্য সচেতকের ঘরে। রাজীব কুমার বলেন, মাদার টেরেজার একটা কথা আছে, আমি মনে করি না, ভগবান আমাকে এমন কোনও দায়িত্ব দিতে পারে, যা আমি পালন করতে পারবো না।

স্বামী নিসপাল সিং রানেকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিতে আসেন কোয়েল মল্লিক। বলেন, ”প্রথমবার রাজ্য বিধানসভায় পা রেখে দারুণ লাগছে। জার্নিটা সবে শুরু হল। একদম নতুন অভিজ্ঞতা। ভীষণ ভাল লাগছে। কেরিয়ারে প্রায় ২২ বছর হয়ে গিয়েছে। মানুষের আশীর্বাদ পেয়েছি। আশা করি আগামী দিনেও মানুষের আশীর্বাদ এভাবেই পাব। আমি চিরকাল মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম। সেই সুযোগ, সেই দায়িত্ব আমি পেলাম। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ।

তাঁদের সঙ্গেই মনোনয়ন জমা দেন বাবুল সুপ্রিয়। তিনি বলেন, যেমন আপনি একটা স্টেজে গেলে আপনাকে মানুষ গানের অনুরোধ করে। এই গানটা গান, সেই গানটা গান। এটাও প্ল্যাটফর্ম বা পারফর্মমেন্স। শুধু রিকোয়েস্টের ধরণ আলাদা। এনারা যদি বলেন, রাস্তাটা করে দিন, স্কুল করে দিন, তো মানুষের টাকাতেই কাজ হয়। আগে ভোটে জেতাতে হয়, তারপর সে কাজ কীরকম করছে দেখতে হয়। আগে আমায় মনোনীত করুন, তারপর আমার কাজটা কেমন হবে বিচার করবেন।’

দিল্লিবাসী আইনজীবী মেনকা গুরুস্বামী মনোনয়ন জমা দিয়ে বলেন, অত্যন্ত আপ্লুত এবং সম্মানিত বোধ করছি। আমি সংবিধান মেনে কাজ করার পক্ষে, সে সংসদ হোক বা আদালত। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় সুযোগ দিয়েছেন। তাঁদের কাছে কৃতজ্ঞ। সংবিধান মানুষকে সমান অধিকার দেয়। সেই সমান অধিকারের জন্য লড়াই করার সুযোগ পেলাম সংসদে। এদিন নিয়ম মেনে সইসাবুদ সেরে চারজনই মনোনয়ন জমা দেন। সঙ্গে ছিলেন দলের বিধায়করা।

এদিনই মনোনয়ন জমা করলেন বিজেপি প্রার্থী রাহুল সিনহাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*