রোজদিন ডেস্ক : অসমে সুখোই বিমান ভেঙে দুই বায়ুসেনা চালক মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। গতকাল রাতে কার্বি আংলং-এ বিমান বাহিনীর সুখোই ভেঙে দুই বায়ুসেনা আধিকারিক অনুজ ও পুর্বেশ দুরাগকর প্রাণ হারান। এই মর্মান্তিক দুর্ঘটনায় দেশের সর্বত্র গভীর শোকের ছায়া নামে।
লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজমাধ্যমে তিনি একে অত্যন্ত বেদনাদায়ক, মর্মান্তিক ঘটনা বলে শোক ব্যক্ত করেন। বায়ুসেনার এই দুই শহিদকে শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের এই সাহসী সন্তান দের কুর্নিশ। তিনি নিহত বায়ুসেনা আধিকারিকদের শোকসন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, বায়ুসেনার এই প্রশিক্ষণ বিমানটি অসমের যোরহাট থেকে ওড়ার পর রাতের দিকে হদিশ মিলছিল না। সুত্রের খবর, স্থানীয় মানুষ একটি বিমানকে আছড়ে পড়তে দেখেন। প্রচন্ড আওয়াজ করে তা বিস্ফোরণ হয়। খবর পেয়ে চৌকিওয়ালা থানার পুলিশ খোঁজ শুরু করে।
আকাশ পথে হেলিকপ্টার দিয়েও খোঁজ চালানো হয়। পরে বিমানের হদিশ মেলে। দুই আসনের বিমানে স্কোয়াড্রন লিডার অনুজ ও ফ্লাইট লেফটেন্যান্ট পুর্বেশ দুরাগকর ছিলেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমান বাহিনী মহলে গভীর শোকের ছায়া নামে।

Be the first to comment