রোজদিন ডেস্ক : ভারত শর্তসাপেক্ষে রাশিয়ার তেল কিনতে পারবে বলে জানিয়েছে আমেরিকা। মার্কিন প্রশাসন এই বিষয়ে ত্রিশ দিনের ছাড়পত্র দিয়েছে। যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে প্রধান বিরোধী কংগ্রেস।
আমেরিকার ট্রেজারি সচিব স্কট বেসেন্ট সমাজ মাধ্যমে জানান, বিশ্ব বাজারে তেলের সঙ্কট রুখতে তারা ভারতীয় পরিশোধকদের রাশিয়ার তেল কেনার অনুমতি দিচ্ছে। এর জন্য ত্রিশ দিনের অস্থায়ী ছাড় দেওয়া হচ্ছে। তবে এই স্বল্পমেয়াদী ছাড়ের ফলে রাশিয়ার খুব একটা আর্থিক সুবিধা হবে বলে তারা মনে করে না। এটি সমুদ্রে আটকে থাকা তেল ট্যাঙ্কারগুলির লেনদেনের অনুমোদন মাত্র।

কংগ্রেস এই বিষয়ে তীব্র কটাক্ষ করেছে। দলের জাতীয় সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সমাজ মাধ্যমে এর তীব্র নিন্দা করে বলেন, কতদিন এই আমেরিকান ব্ল্যাকমেল চলবে?
কংগ্রেস সাংসদ মনীশ তেওয়ারিও এই নিয়ে প্রশ্ন তুলেছেন। একে তিনি আমেরিকার নয়া সাম্রাজ্যবাদী ঔদ্ধত্য বলে মন্তব্য করেন। জানতে চান, ভারত কি এখন “ব্যানানা রিপাবলিক” হয়ে গেছে?
উল্লেখ্য ব্যানানা রিপাবলিক বা কলা প্রজাতন্ত্রর অর্থ রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবে অস্থিতিশীল এক দেশ।
ভারতের ওপর আমেরিকার প্রভুত্ববাদী মনোভাব প্রকাশ পাচ্ছে বলে মনে করেন রণদীপ সিং সুরওয়ালাও। ভারত কোথা থেকে তেল কিনবে তা আমেরিকা ঠিক করে দেবে কেন বলে তিনি প্রশ্ন তোলেন।

Be the first to comment