রোজদিন ডেস্ক : উদ্বেগের প্রহর কাটিয়ে অবশেষে ঘরে ফিরছেন রাজ-ঘরণী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুক্রবার সকালে তিনি দুবাই থেকে মুম্বই এসে পৌঁছেছেন বলেই জানা গিয়েছে। সেখান থেকে এদিন বিকেলেই তাঁর কলকাতায় আসার কথা। তবে তাঁর মুম্বই আসার খবরে হাঁফ ছেড়ে বেঁচেছে তাঁর পরিবার। শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তীও শুভশ্রীর ফেরার খবর নিশ্চিন্ত। শুভশ্রীর সঙ্গে রয়েছে তাঁর ছেলে ইউহান। দু’জনে ছুটি কাটাতে গিয়েছিলেন দুবাইয়ে। কিন্তু যুদ্ধের জেরে সেখানে আটকে পড়েন তাঁরা। রাজ চক্রবর্তী জানান, একের পর এক বিমান বাতিলের কারণে শুভশ্রী ফিরতে পারছিলেন না। গতকালও কলকাতার বিমান বাতিল করা হয়। সেই জন্য মুম্বইয়ের বিমান ধরে দেশে ফেরেন তাঁরা। মুম্বই থেকে বিকেলেই শহরে আসবেন মা-ছেলে। এর আগে গত বুধবার মধ্যরাতের ফ্লাইটে কলকাতা ফেরার কথা ছিল শুভশ্রীর। কিন্তু সন্ধেয় পূর্ব নির্ধারিত ফ্লাইট বাতিল হয়ে যায়। ফলে তাঁদের ফিরতে আরও দেরি হয়ে যায়। এদিক থেকে তিনিও হাই কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফেরানোর জন্য। অবশেষে স্বস্তির খবর এল শুক্রবার সকালে।

Be the first to comment