রোজদিন ডেস্ক : রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ মার্চের মধ্যে এই বাহিনী বিভিন্ন জেলায় মোতায়েন করা হবে। দ্বিতীয় দফায় যে বাহিনী আসছে তার মধ্যে রয়েছে ১২০ কোম্পানি সিআরপিএফ, ৬৫ কোম্পানি বিএসএফ, ১৬ কোম্পানি সিআইএসএফ, ২০ কোম্পানি আইটিবিপি এবং ১৯ কোম্পানি এসএসবি। রাজ্যের বিভিন্ন স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এলাকায় এই বাহিনী মোতায়েন করা হবে। এর মধ্যে রয়েছে জঙ্গিপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, বীরভূম, হুগলি, হাওড়া, কোচবিহার, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, বারাসত, বারুইপুর, সুন্দরবন, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং। সংশ্লিষ্ট জেলাগুলিতে পর্যায়ক্রমে বাহিনী পৌঁছে রুট মার্চ শুরু করবে। এলাকায় নজরদারি বাড়ানো, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের মধ্যে আস্থা বাড়ানোর লক্ষ্যে এই বাহিনী মোতায়েন করা হচ্ছে। এর আগে পয়লা মার্চ থেকে রাজ্যে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তারা ইতিমধ্যেই রুটমার্চ ও ভোটারদের আস্থা ফেরানোর কাজ শুরু করেছে। সূত্রের খবর, সিইও দপ্তর, নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক, রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর সমন্বয়কারীদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই বাহিনী মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

Be the first to comment