রোজদিন ডেস্ক : রাজ্য বাজেটে ঘোষণা হয়েছিল যুবসাথী প্রকল্পের। ঘোষণা অনুযায়ী আগামী ১ এপ্রিল থেকে টাকা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কিন্ত ১ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে না, আজ শনিবার থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথীর ১৫০০ টাকা। ধর্মতলার মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে এদিন সকালে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণায় স্বাভাবিক ভাবেই খুশি বেকার যুবক, যুবতীরা। ছাব্বিশের বিধানসভা ভোটের মুখে তাঁর এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে সন্দেহ নেই। রাজ্য বাজেটে বেকারদের জন্য যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। এই প্রকল্পে প্রতি মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হবে বেকার যুবক, যুবতীদের। তবে যুবসাথীতে আবেদনের ক্ষেত্রে অবশ্যই ২১ থেকে ৪০ বছর বয়স হতে হবে। যাঁরা রাজ্য সরকারের অন্য কোনও প্রকল্পের আওতায় তাঁরা টাকা পাবেন না। তখন বলা হয়েছিল এপ্রিল থেকেই মিলবে এই প্রকল্পের সুবিধা। তবে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনার দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী জানান, এপ্রিল নয়, ৭ মার্চ শনিবার থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা। প্রাথমিকভাবে আগামী পাঁচ বছর প্রতি মাসে এই টাকা পাবেন আবেদনকারীরা। মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকালে আরও বলেন, আবার গ্যাসের দাম বাড়ানো হল। মানুষ খাবে কী? এসব আমরা মানবো না। কেরোসিনও নেই। তার কোটায় কমিয়ে দিয়েছে। মানুষের চলবে কী করে? এরপরই তিনি ঘোষণা করেন, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে কাল মহিলারা মিছিল করবে। মিছিল হবে হাঁড়ি, কড়াই, হাতা, খুন্তি গ্যাসের ওভেন ও কাঁচা সবজি নিয়ে।
বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, বেশি কথা বললে দিল্লির সরকারটাই ফেলে দেবো আমরা। রাজ্যপাল বদল নিয়েও তোপ দাগেন। বলেন, রাজ্যপাল কেন বদল করা হয়েছে আমি সব জানি। যিনি আসছেন তিনি কোনও কাজ করেন না। শুধু বিজেপি করেন। কিন্তু আপনারা মনে রাখবেন এটা কিন্তু বাংলা। এখানে ওসব চলবে না।

Be the first to comment