রোজদিন ডেস্ক : নেপালের কুর্সিতে এবার বসতে চলেছেন জনপ্রিয় র্যাপার গায়ক, প্রাক্তন মেয়র বলেন্দ্র শাহ!! দেশের চারবারের প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি এস ওলি-কে তাঁর নিজের কেন্দ্রেই পরাজিত করেছেন বলেন্দ্র শাহ৷ যা নিয়ে উচ্ছ্বসিত নেপালের জেন জি! ছয় মাস আগে দেশব্যাপী যাদের তুমুল বিক্ষোভে পদচ্যুত হয়েছিলেন কে পি এস ওলি।
মাত্র ৩৫ বছর বয়েসের তরুণ বলেন্দ্র ওলি-র বিরুদ্ধে প্রার্থী হতে কাঠমান্ডুর মেয়রের পদত্যাগ করেন। গত ৫ মার্চের নির্বাচনে তাঁর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) এখন অবধি এগিয়ে আছে।
১৯৯০ সালে দেশের এক রাজনৈতিক সন্ধিক্ষণে বলেন্দ্র শাহ-র জন্ম। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার বলেন্দ্র দেশে দুর্নীতি, বৈষম্যর বিরুদ্ধে গান করে প্রথম জনমানসে ঝড় তোলেন।
২০২২ সালে নির্দল হিসাবে কাঠমান্ডুর মেয়র পদে জয়ী হয়ে তাক লাগিয়ে দেন তিনি। তাঁর সংস্কারমুখি, প্রগতিশীল মুখ হিসাবে ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠেন। সাম্প্রতিক নির্বাচনে তাঁর মাস্টার স্ট্রোক ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি এস ওলি-র কেন্দ্রে গিয়ে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করা। সেখানেও তিনি বিপুলভাবে জয়ী হলেন। কাঠমান্ডু থেকে ৩০০ কিমি দূরে প্রাক্তন প্রধানমন্ত্রীর সাবেক কেন্দ্র ঝাপা ৫-এর গ্রামীণ পরিবেশে জয় ছিনিয়ে আনা বড় সহজ কাজ ছিল না৷ একে তিনি চ্যালেঞ্জ হিসাবে নেন। সব কিছু ঠিক মত চললে আগামী দিনে নেপালের প্রধানমন্ত্রীর কুর্সিতে তিনিই বসতে চলেছেন বলে রাজনৈতিক মহল মনে করেন।
দীর্ঘদিন রাজতন্ত্রের কবলে থাকা, একের পর এক বামপন্থী সরকারের আমলেও উন্নয়ন না হওয়া নেপালে এবার নতুন মুখ বলেন্দ্র শাহ গুরুত্ব দিয়েছেন উদার অর্থনীতি ও সামাজিক ন্যায়ের ওপর। দরিদ্রদের জন্য বিনামুল্যে শিক্ষা, স্বাস্থ্যর পক্ষে সওয়াল করেছেন।
তবে গান তাঁর প্যাশন, তাঁর প্রেরণা, প্রধানমন্ত্রী হলেও গান ছাড়বেন না বলে জানিয়ে দিয়েছেন এই তরুণ।

Be the first to comment