রোজদিন ডেস্ক : সুপ্রিম কোর্টে মঙ্গলবার শুরু হয়েছে রাজ্যের দায়ের করা মূল এসআইআর মামলার শুনানি। সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য্য কান্তের এজলাসে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল জানান, এখনও পর্যন্ত ১০ লক্ষ ‘বিবেচনাধীন’ ভোটারদের নিষ্পত্তি করার কাজ শেষ। শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, এসআইআরের কাজে যুক্ত বিচারকদের কাজ ও ভূমিকা নিয়ে কোনও প্রশ্ন তোলা যাবে না হয়। প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, আমরা জানি কেমন কাজ চলছে। তিনি সব পক্ষকেই কাজ শেষ হওয়া নিয়ে আশ্বস্ত করেন। তারই মধ্যে সোমবার ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। রাজ্যের তরফে আইনজীবী মানেকা গুরুস্বামী বলেন, ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে। নথিও রেকর্ড করা হয়নি। তাঁরা আগে ভোট দিয়েছেন, এখন তাঁদের নথি নেওয়া হচ্ছে না। রাজ্যের এই নতুন আবেদন নিয়েই এদিন শুনানিতে সিজেআই সূর্য কান্ত বলেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, ১০ লক্ষ কাজ হয়ে গিয়েছে। জুডিশিয়াল অফিসারদের কোনও প্রশ্নের মুখে ফেলবেন না। এরপরই ভরসা দিয়ে তিনি বলেন, জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন। যাঁরা জেনুইন, তাঁদের তালিকায় যুক্ত করা হবে। তিনি গুরুস্বামীকে পিটিশন প্রত্যাহার করে নেওয়ার আর্জি জানান। এদিন সুপ্রিম কোর্ট আরও বলেছে, এসআইআর প্রক্রিয়া ১০০ শতাংশ নির্ভুল রাখা হবে। সেক্ষেত্রে প্রয়োজনে ট্রাইবুনাল গঠন করা হতেও পারে।

Be the first to comment