খরচ একশো কোটি টাকা, এসএসকেএম হাসপাতালে গড়ে উঠছে স্টেম সেল থেরাপি চিকিৎসা ও গবেষণাকেন্দ্র

Spread the love

রোজদিন ডেস্ক : শহর কলকাতাতেই মিলবে এবার অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। সেই লক্ষ্যে এবার বড় পদক্ষেপ করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। চিকিৎসা ক্ষেত্রে নয়া পন্থা অবলম্বন করতে চলেছে রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম। এবার সেখানে স্টেম সেল থেরাপি চিকিৎসা ও গবেষণাকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছে নবান্ন। ফলে আগামী কয়েক মাসের মধ্যেই স্টেম সেল থেরাপি চিকিৎসা পরিষেবা চালুর লক্ষ্যে প্রস্তুতি শুরু হচ্ছে। তবে পূর্ণাঙ্গ গবেষণাকেন্দ্র গড়ে উঠতে সময় লাগবে আনুমানিক আরও এক বছর। কেন্দ্রটি হাসপাতালের অ্যাকাডেমিক ভবনের ন’তলায় তৈরি হবে। প্রকল্পের জন্য খরচ হবে প্রায় একশো কোটি টাকা। এই পরিকল্পনা বাস্তবায়নে মণিময় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৯ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রেডিয়োথেরাপি, অঙ্কোলজি, মাইক্রো বায়োলজি, প্যাথোলজি, নিউরোলজি, হেমাটোলজি ও পেডিয়াট্রিক বিভাগের চিকিৎসকেরা আছেন। হাসপাতালের প্রতিনিধিরা ইতিমধ্যেই চেন্নাইয়ের সেন্টার ফর স্টেম সেল রিসার্চ পরিদর্শন করেছেন। সেখানকার বিশেষজ্ঞরা এসএসকেএম-এ এসে যথোপযোগ্য প্রশিক্ষণ দিয়ে গিয়েছেন। এই প্রকল্প সম্পূর্ণরূপে চালু হলে অস্টিয়ো আর্থারাইটিস, ব্লাড ক্যানসার ও বিভিন্ন স্নায়ু রোগের চিকিৎসা অনেকটাই সুলভে করা যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*