রোজদিন ডেস্ক : আগামী বৃহস্পতিবার, ১২ মার্চ রাজভবনে শপথ নেবেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল আরএন রবি। মঙ্গলবার রাতে তাঁর কলকাতায় পৌঁছনোর কথা। ওইদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাঁকে রাজ্যপালের পদে শপথবাক্য পাঠ করাবেন। গত বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস হঠাৎ পদত্যাগ করার পরই তামিলনাড়ুর রাজ্যপালের দায়িত্বে থাকা আরএন রবিকে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে ঘোষণা করা হয়। এদিকে, অতীতের বিরোধ ভুলে প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ধর্মতলার ধরনা কর্মসূচি প্রত্যাহারের পরই তিনি আলিপুরের সরকারি অতিথি ভবনে গিয়ে বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বর্তমানে সেখানেই রয়েছেন প্রাক্তন রাজ্যপাল।
সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী বলেন, ভোটের মুখে বোসের সঙ্গে অন্যায় হয়েছে। আমাদের গভর্নর অনেক দিন এখানে ছিলেন। উনি সৌজন্য-তে আছেন। আগামীকাল বুধবার চলে যাবেন। এভাবে সরানেটা তাঁর প্রতি অবিচার করা হল।এর আগে আচমকা বোসের ইস্তফার পর সমাজমাধ্যমে তিনি লেখেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের খবরে তিনি বিস্মিত ও উদ্বিগ্ন। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যদি কোনও রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চাপের মুখে তাঁকে পদত্যাগ করতে হয়ে থাকে, তবে তা অত্যন্ত উদ্বেগজনক।

Be the first to comment