বামফ্রন্টের প্রথম তালিকায় বড় চমক, যাদবপুরে বিকাশ ভট্টাচার্য, প্রাধান্য তরুণ মুখকে

Spread the love

রোজদিন ডেস্ক : বিধানসভা নির্বাচনে এবার যাদবপুর কেন্দ্রে সিপিএমের বাজি বিশিষ্ট আইনজীবী বিকাশ ভট্টাচার্য। আজ প্রথম দফায় বামফ্রন্ট সভাপতি বিমান বসু ১৯২টি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এবার সিপিএমের প্রার্থী তালিকায় এক ঝাঁক তরুণ মুখ আছেন। মীনাক্ষী মুখার্জি, দীপ্সিতা ধর, কলতান দাশগুপ্ত, সায়নদীপ মিত্র, প্রণয় কার্যি, মোনালিসা সিনহা, দেবজ্যোতি দাস, সায়ন ব্যানার্জি, ময়ুখ বিশ্বাস, ধ্রুবজ্যোতি সাহা প্রমুখ বিভিন্ন আন্দোলনের সামনের সারিতে থাকা তরুণ মুখদের এবার প্রার্থী করেছে সিপিএম।
শিলিগুড়িতে এবার জনপ্রিয় পুরপ্রতিনিধি শরদিন্দু চক্রবর্তী প্রার্থী হয়েছেন।
বামফ্রন্টের তালিকায় এবার মহিলা আছেন ২৮ জন। আছেন বহু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনও।
আজ প্রাথী তালিকা ঘোষণা করে বামফ্রন্ট সভাপতি বিমান বসু বলেন, বামপন্থী শক্তি পুনরুত্থানের জন্য এবার তাঁদের লড়াই। মানুষের দুঃখ দুর্দশা বাড়ানোর ক্ষেত্রে কলাকৌশল চলছে বলে তাঁর অভিযোগ। বিজেপি ও টিএমসি-র বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে চান তাঁরা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সর্বত্র প্রচার করবে বামফ্রন্ট। ধর্ম, ভাষা, জাতির ভিত্তিতে মানুষকে বিভক্ত করার চেষ্টা তাঁরা প্রতিরোধের চেষ্টা করবেন।
বামফ্রন্টের সঙ্গে জোট বেঁধে এবার সি পি আই (এম এল) লিবারেশন ১০টি কেন্দ্রে প্রার্থী দেবে। দলের পক্ষে রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার পৃথকভাবে এই কথা জানিয়ে বলেন, কারা, কোথায় প্রার্থী হবেন পরে তা জানানো হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*