এবার নির্বাচনী আসরে কুণাল ঘোষ

Spread the love

রোজদিন ডেস্ক : 
রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ এবার বিধানসভায় শাসক দলের প্রার্থী!! আজ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তাঁর নাম ঘোষণা করেন। তিনি বেলেঘাটা থেকে দলের প্রার্থী হলেন।
দীর্ঘদিন এই কেন্দ্রের বিধায়ক ছিলেন পরেশ পাল। গত বিধানসভা নির্বাচনের পর এলাকায় হিংসাত্মক ঘটনায় তাঁর নাম জড়ায়। কাঁকুরগাছিতে নিহত হন বিজেপি সমর্থক অভিজিৎ সরকার। পরে তাঁর দাদা বিশ্বজিৎ সরকারকেও হত্যার চেষ্টার গুরুতর অভিযোগে নাম জড়ায় পরেশ পালের। তাঁর নামে চার্জশিটও জমা পড়েছে আদালতে। এই সবের প্রেক্ষিতে শাসক দল তাঁকে এবার প্রার্থী করার ঝুঁকি নেয়নি বলে রাজনৈতিক মহল মনে করেন।
সারদা মামলায় দীর্ঘদিন কারাবন্দি থাকার পরও দল ছাড়েননি কুণাল ঘোষ। পরন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বন্দনায় সদা সর্বদায় মুখর তিনি। সুবক্তা, সপ্রতিভ, সুলেখক, সম্পাদক হিসাবেও তাঁর সুনাম আছে। এবার নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হচ্ছেন তিনি। যা নিয়ে রাজনৈতিক মহলে কৌতুহল এখন তুঙ্গে।
এবার দলে বহু তরুণ মুখকে প্রার্থী করেছে তৃণমূল। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য দেবাংশু ভট্টাচার্য, তৃণাঙ্কুর ভট্টাচার্য, তন্ময় ঘোষ প্রমুখ।
দলের হয়ে প্রায়শই টিভি-র পর্দায় আসেন তাঁরা। সুতীক্ষ্ণ মন্তব্যে বিরোধীদের ধরাশায়ী করার চেষ্টা করেন। এবার তাঁদের প্রার্থী করেছে দল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*