রোজদিন ডেস্ক : চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন এবং কয়েকটি রাজ্যের উপনির্বাচনের জন্য ও নির্বাচন কমিশন মোট ১,১১১ জন কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করেছে। এর মধ্যে পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি সংখ্যক সাধারণ পর্যবেক্ষক মোতায়েন করা হচ্ছে। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন্য ২৯৪ জন সাধারণ পর্যবেক্ষক থাকছেন। পাশাপাশি থাকবেন ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক এবং নির্বাচনী খরচের উপর নজরদারির জন্য ১০০ জন ব্যয় পর্যবেক্ষক। কমিশন সূত্রে জানা গিয়েছে, অসম, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও পুদুচেরির বিধানসভা নির্বাচন এবং ৬টি রাজ্যের উপনির্বাচন মিলিয়ে মোট ৫৫৭ জন সাধারণ পর্যবেক্ষক, ১৮৮ জন পুলিশ পর্যবেক্ষক এবং ৩৬৬ জন ব্যয় পর্যবেক্ষক তাঁদের দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রগুলিতে এই পর্যবেক্ষকদের আগামী ১৮ মার্চের মধ্যেই পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই রাজ্যের পুলিশ পর্যবেক্ষকরা মঙ্গলবার থেকেই আসতে শুরু করেছেন। সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে পর্যবেক্ষকেরা তাঁদের যোগাযোগের বিস্তারিত তথ্য প্রকাশ করবেন। পাশাপাশি প্রতিদিন নির্দিষ্ট সময়ে প্রার্থী, রাজনৈতিক দল বা সাধারণ মানুষের কাছ থেকে নির্বাচন সংক্রান্ত অভিযোগ ও সমস্যা শোনার ব্যবস্থাও থাকবে। প্রত্যেক ভোটার যাতে কোনও ভয় বা চাপ ছাড়াই ভোট দিতে পারেন, সেই বিষয়টি নিশ্চিত করতেই পর্যবেক্ষকদের বিশেষ ভূমিকা থাকবে। সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদ এবং জন প্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ২০বি ধারার অধীনে নির্বাচন কমিশন এই কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নিয়োগ করে থাকে। তাদের মূল দায়িত্ব হল গ্রাউন্ড লেভেলে নির্বাচন প্রক্রিয়ার সুষ্ঠু ও কার্যকর পরিচালনা নিশ্চিত করা।

Be the first to comment