রোজদিন ডেস্ক : অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহে এবার নজিরবিহীন ভাবে সেই সব তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন সূত্রে খবর, অবসরের পর পুনরায় নিযুক্ত যে কোনও ক্যাডারের কর্মরত আধিকারিকদের বিস্তারিত তালিকা চেয়ে পাঠানো হয়েছে রাজ্যের কাছে। এমনকি এখনও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে যুক্ত প্রাক্তন আইএএস এবং আইপিএস আধিকারিকদের তথ্যও চাওয়া হয়েছে। আধিকারিকদের একাংশের মতে, ভোটের আগে এ ধরনের তথ্য তলব করার বিষয়টি কার্যত নজিরবিহীন। এই বিষয়ে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরকে চিঠি দিয়েছে কমিশন। সেখানে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশের পরেই নবান্ন থেকে রাজ্যের সমস্ত দপ্তরে বার্তা পাঠানো হয়েছে। সেই অনুযায়ী বিভিন্ন দপ্তর নিজেদের অধীনে থাকা দফতর ও ডাইরেক্টরেটগুলিতে ‘এক্সটেনশন’-এ থাকা কর্মরত অবসরপ্রাপ্ত আধিকারিকদের তালিকা তৈরির কাজ শুরু করেছে। সমস্ত দপ্তর থেকে তথ্য পাওয়ার পর তা একত্রিত করে চিফ ইলেক্টোরাল অফিসারের দপ্তরে পাঠানো হবে বলে জানা গিয়েছে। তবে এই তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন কী পদক্ষেপ করতে পারে, তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। অনেকেরই ধারণা, অবসরপ্রাপ্ত আধিকারিকরা সরাসরি নির্বাচন সংক্রান্ত কাজে যুক্ত আছেন কি না, তা খতিয়ে দেখতেই এই তথ্য চাওয়া হয়েছে।

Be the first to comment