সমস্যা হতে পারে, দুর্যোগ মোকাবিলায়, আমলাদের দেদার বদলি নিয়ে কমিশনকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যের শীর্ষ আমলাদের একতরফা বদলির সিদ্ধান্তে কালবৈশাখীর মরশুমে দুর্যোগ মোকাবিলা ব্যাহত হতে পারে বলে অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন। এই সময়ে শীর্ষ আধিকারিকদের সরিয়ে দিলে প্রাকৃতিক বিপর্যয় সামলাতে বড় সমস্যা তৈরি হতে পারে বলে বৃহস্পতিবার পাঠানো চিঠিতে তিনি সতর্ক করে দিয়েছেন। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, মার্চ-এপ্রিল মাস বাংলায় ঝড়-বৃষ্টির মরশুম। এই সময় উদ্ধার ও ত্রাণের মতো গুরুত্বপূর্ণ কাজ অভিজ্ঞ আধিকারিকদের উপর নির্ভর করে। কিন্তু নির্বাচন ঘোষণার পরপরই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি-সহ একাধিক শীর্ষ আধিকারিককে সরিয়ে দেওয়ায় সেই সমন্বয় ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, রাজ্যের ১৫ জন শীর্ষ পুলিশ আধিকারিককে অন্য রাজ্যে পর্যবেক্ষক হিসেবে পাঠানোর সিদ্ধান্তও প্রশ্নের মুখে। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, কোনও অভিযোগ বা বিধিভঙ্গের প্রমাণ ছাড়াই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদেরও ব্যাপক হারে সরানো হয়েছে, যা প্রশাসনের স্বাভাবিক কাজকর্মে প্রভাব ফেলছে।
এসআইআর প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এখনও সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হয়নি। ফলে সাধারণ মানুষ সংশোধনের জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন না। একই সঙ্গে এই সময়ে জেলা নির্বাচন আধিকারিকদের বদলি করায় বিচারাধীন মামলাগুলির নিষ্পত্তিও ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

Screenshot

সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, কমিশনের এই পদক্ষেপগুলি শুধু প্রশাসনিক নয়, বৃহত্তর ভাবে জননিরাপত্তার সঙ্গেও জড়িত। তাঁর কথায়, এই ধরনের তড়িঘড়ি ও একতরফা সিদ্ধান্ত প্রশাসনিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে এবং দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষমতাও কমিয়ে দিতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*