রোজদিন ডেস্ক : রাতের শহরে গতির বলি এক তরুণী। বৃহস্পতিবার মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন বছর তিরিশের এক যুবতী। নাম রিম্পা ধাড়া। রিম্পা সেক্টর ফাইভের একটি বিলাসবহুল হোটেলের কর্মী। বৃহস্পতিবার রাতে কাজ সেরে সল্টলেক সেক্টর ফাইভ থেকে অ্যাপ বাইক বুক করে কসবার দিকে যাচ্ছিলেন রিম্পা। বাইকের পিছনে ছিলেন তিনি। সেক্টর ফাইভ পেরিয়ে নিকো পার্কের দিকে যাওয়ার সময় আচমকা পিছন থেকে বেপরোয়া ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে বলে অভিযোগ। ধাক্কা লেগে রিম্পা ছিটকে পড়েন রাস্তায়। বেপরোয়া গতিতে তাকে পিষে দিয়ে চলে যায় ওই ডাম্পার। ট্রাফিক পুলিশের সহায়তায় তাঁকে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়ি এবং চালক পলাতক। সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়িটি চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

Be the first to comment