রোজদিন ডেস্ক : আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় যাবজ্জীবন সাজা পেয়ে জেল খাটছে দোষী সঞ্জয় রায়। কিন্তু তার ফাঁসির দাবিতে আবেদন করেছে সিবিআই। উল্টোদিকে সঞ্জয় মুক্তির আবেদন জানিয়েছে। এর পাশাপাশি, মৃতার বাবা-মা এই ঘটনার ফের স্বচ্ছ তদন্তের আবেদন জানিয়েছেন। এই সংক্রান্ত সব কটি মামলার একত্রে শুনানির জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবার নতুন বেঞ্চ গঠন করলেন। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের বেঞ্চে চলবে এই মামলার শুনানি। বৃহস্পতিবার আরজি করের মৃতার পরিবারের তরফে এনিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হয়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী মঙ্গলবার শুনানি হতে পারে। এর আগে, মামলাটি বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রাশিদির ডিভিশন বেঞ্চে ছিল। কিন্তু সেই ডিভিশন বেঞ্চ গত ১১ মার্চ মামলা থেকে অব্যাহতি নেয়। কারণ হিসেবে জানানো হয়, দ্রুত শুনানি করে মামলার নিষ্পত্তি করা সংশ্লিষ্ট বেঞ্চের পক্ষে সম্ভব নয়। এরপরই নতুন বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি।

Be the first to comment