রোজদিন ডেস্ক : আর জি করের লিফটে আটকে যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর আর এক অস্বাভাবিক মৃত্যু সামনে এলো এসএসকেএমে।
আজ দুই নামী সরকারি হাসপাতালে পৃথকভাবে দুই মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা দেখা দেয়।
সূত্রের খবর, আজ সকালে এসএসকেএমের হাসপাতালের ওপিডি ভবনেরর চার তলা থেকে এক অস্থায়ী সাফাই কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত ইমরান সর্দার (২২) আজ সকালে কাজে আসার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষণ ওই ভবনের চার তলার একটি ঘর ভিতর থেকে বন্ধ থাকায় অন্যদের সন্দেহ হয়। বারবার দরজায় ধাক্কা দিয়েও ভিতর থেকে সাড়া না মেলায় কর্মীরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে শিউরে ওঠেন।
এই ঘটনায় এসএসকেএম চত্বরে তুমুল উত্তেজনা দেখা দেয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে করা হচ্ছে। কেন এই তরুণ এই চরম পথ নিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
মৃত তরুণের সহকর্মীরা জানান, অত্যন্ত শান্ত স্বভাবের ইমরান কেন এমন করলেন তাঁরা ভেবে পাচ্ছেন না। এই মর্মান্তিক ঘটনায় সংশ্লিষ্ট মহলে গভীর শোকের ছায়া নামে।
অনেকে বিক্ষোভও দেখান।
একই দিনে কলকাতার দুই নামী হাসপাতালের দুই অস্বাভাবিক মৃত্যুর মর্মান্তিক ঘটনা এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
মৃত তরুণের দেহের ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

Be the first to comment