কেরালায় তিন শিশু সহ পাঁচ জনের রহস্য মৃত্যু, চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক :
কেরালার কোচির ভাদুথালায় তিন শিশু সহ একই পরিবারের পাঁচ জনের মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য দেখা দেয়। তিন সন্তানকে হত্যা করে তাদের মা ও দিদা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃতরা হলেন অস্বথি (৩৬), তাঁর মা স্রীকুমারি (৫৯) ও অস্বথির তিন সন্তান কারনিবন (১৪),কীর্তিবন (৫) ও অক্ষিতা (২)। মাত্র দু-মাসের জন্য এই পরিবারটি ওখানে বাড়ি ভাড়া নিয়েছিলেন। ২০ মার্চ তাঁদের বাড়ি ছেড়ে দেওয়ার কথা ছিল। শনিবার তা নিয়ে জানতে এলে এই ভয়ংকর ঘটনা সামনে আসে। যা নিয়ে হতবাক বাড়ির মালিক, এলাকার বাসিন্দারা।
পুলিশ সূত্রে প্রকাশ, অস্বথির স্বামী সাত মাস আগে আত্মহত্যা করেন। এরপর থেকে শাশুড়ির সঙ্গে সম্পত্তি নিয়ে তাঁর টানাপোড়েন চলছিল।
অস্বথির বাবা আলাদা থাকেন। মা স্রীকুমারী ও সন্তানদের নিয়ে নিয়ে দুমাস আগে কোচির এই বাড়িতে ভাড়া আসেন তিনি। বাড়িটি ভাড়া ও নিয়েছিলেন দুমাসের জন্য। এলাকায় সম্পুর্ন অপরিচিত এই পরিবার কারও সঙ্গে মিশতেন না। মাঝে মধ্যে ট্যাক্সি করে তাঁদের বেরোতে দেখা ছাড়া কেউই জানতেন না কিছু।
শনিবার সকালে বাড়ির মালিকের দাদার ছেলে খোঁজ নিতে এসে ভিতর থেকে দরজা বন্ধ দেখেন। ভিতরে এসি চলছে বোঝা গেছিল। বারবার ডেকে সাড়া না মেলায় তিনি ডুপ্লিকেট চাবি এনে দরজা খুলে দুই মহিলার ঝুলন্ত দেহ দেখে শিউরে ওঠেন। চটজলদি এলাকার পুর প্রতিনিধি, পুলিশে খবর দেন। তাঁরা এসে অন্য ঘরগুলিতে তিন সন্তানের মৃতদেহ উদ্ধার করে। তারা প্রত্যেকেই ভাল পোশাক পরে সুসজ্জিত অবস্থায় ছিল। পুলিশের অনুমান, পানীয়র সঙ্গে বিষ মিশিয়ে তাদের খাইয়ে মা ও মেয়ে আত্মহত্যা করেন।
কোচির এক হাসপাতালে কারনিবনের চিকিৎসার কথা বলে দু-মাসের জন্য তাঁরা এই বাড়ি ভাড়া নিয়েছিলেন।
পুলিশের অনুমান, স্বামীর মৃত্যু, শাশুড়ি ও পরিবারের সঙ্গে টানাপোড়েন ইত্যাদির জেরে মানসিকভাবে বিধ্বস্ত তরুণী অস্বথি এই ভয়ংকর সিদ্ধান্ত নেন। তাঁর মাও একা থাকতেন। তাঁকেও নিয়ে আসেন তিনি। মা ও মেয়েই এই চরম সিদ্ধান্ত নেন। এই মর্মন্তুদ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য, শোক দেখা দিয়েছে। পুলিশ তাঁদের আত্মীয়দের খবর দিয়েছে। ময়না তদন্তের পর অন্ত্যেষ্টি করা হবে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*