লোডশেডিং বিতর্ক টেনে কর্মীদের সতর্ক করলেন তৃণমূলনেত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : রবিবাসরীয় সন্ধেয় ভবানীপুরের কর্মিসভায় ২০২১-এর নন্দীগ্রামের লোডশেডিংয়ের স্মৃতি উসকে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে সতর্ক করে বলেন, ভোটের পর স্ট্রং রুমে বিশেষ নজর রাখতে হবে। এদিন সন্ধ্যায় চেতলার অহীন্দ্র মঞ্চে প্রথম কর্মিসভায় এমনই পরামর্শ তৃণমূলনেত্রীর। তাঁর কথায়, এখন থেকেই সতর্ক থাকুন। ভোট শেষ হল মানেই বাড়ি চলে যাবেন না। লোডশেডিং করে দিতে পারে। স্ট্রং রুমে নজর রাখতে হবে। গত ভোটে নন্দীগ্রামে গণনায় তিনিই এগিয়েছিলেন। কিন্তু শেষে হঠাৎ ছন্দপতন। বয়ালের বুথে হঠাৎই লোডশেডিং। তারপরই বদলে যায় গণনার সব অঙ্ক। গণনা শেষে সবাইকে চমকে দিয়ে নন্দীগ্রাম থেকে জিতে যান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সেই ভোট কারচুপির জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। সেই মামলা এখনও চলছে। ওই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তাই সকলকে সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর এদিনের কর্মীসভায় সাংবাদিকদের প্রবেশ ছিল নিষিদ্ধ। বৈঠকে উপস্থিত এক সূত্রের মতে, ভবানীপুরের কর্মীদের বার্তা দিতে গিয়ে নন্দীগ্রামের স্মৃতি উস্কে দিয়েছেন নেত্রী। ওই বিতর্ক তিনি অতীতেও তুলেছেন। এ বার ভবানীপুরের কর্মীদের বার্তা দিতে গিয়ে সেই প্রসঙ্গ আবার মুখ্যমন্ত্রী তুলেছেন। মোদ্দা কথা কর্মীদের সবরকম সতর্ক করে দিয়েছেন নেত্রী। এসআইআরের পর ভবানীপুরের ভোটারদের ছবিটা এখনও অস্পষ্ট।।তা নিয়ে নির্দিষ্ট করে কোনও নির্দেশ দেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*