যুদ্ধের প্রেক্ষিতে ঐক্যবদ্ধ মোকাবিলার আহবান প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক :  পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে দেশকে ঐক্যবদ্ধ ভাবে মোকাবিলার আহবান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী বলেন, ভারতের জন্য এ এক নজিরবিহীন চ্যালেঞ্জ, তিনি সব পক্ষকেই শান্তি রক্ষার জন্য আর্জি জানান।
তাঁর গত বার বছরের শাসনকালে এই যুদ্ধ পরিস্থিতি সামাল দেওয়া, এর মোকাবিলা করা যে কঠিন কাজ তা কার্যত মেনে নেন তিনি। আজ লোকসভায় এই বিষয়ে ভাষণ দিয়ে তিনি বলেন, এই সঙ্কট আর্থিক, জাতীয় নিরাপত্তা ও মানবিকতার চ্যালেঞ্জ। শক্তি ক্ষেত্রে সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী জানান, ভারত ৬০% এলপিজি আমদানি করে, গৃহস্থালি ক্ষেত্রে গ্যাসের সমস্যা যাতে না হয়, দেশে পেট্রল, ডিজেলের জোগান অব্যাহত রেখে আমজনতার কষ্ট কমাতে তাঁরা সচেষ্ট।
পশ্চিম এশিয়ার পরিস্থিতি উদ্বেগজনক জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিন সপ্তাহের বেশি সংঘাত চলছে, সারা বিশ্বে ও সাধারণ মানুষের জীবনে এর প্রভাব পড়েছে। এর জন্য পৃথিবী সব পক্ষকেই দ্রুত এর সমাধানের আর্জি জানাচ্ছে।
যুদ্ধ শুরুর থেকেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল চ্যালেঞ্জিং হয়ে উঠেছে, কেন্দ্র দেশে পেট্রল, ডিজেল, গ্যাস ইত্যাদি সরবরাহ স্বাভাবিক রাখার সব প্রয়াস নিয়েছে। আগে ২৭টি দেশ থেকে এই সব আমদানি করা হলেও এখন ৪১টি দেশ থেকে তা আনা হচ্ছে বলে প্রধানমন্ত্রী জানান।

সংঘাত এলাকাগুলির সঙ্গে ভারতের বাণিজ্যও বেশি। দেশের বহু মানুষ ওই সব অঞ্চলে থাকেন, এই সঙ্কটে সংসদ থেকে ঐক্যবদ্ধ বার্তা বিশ্বে পাঠানো খুব জরুরি।
এই সংঘাতে দেশের নাগরিকদের সুরক্ষাকে তাঁরা অগ্রাধিকার দিচ্ছেন।
ইতিমধ্যে ৩ লক্ষ ৭৫ হাজার ভারতীয় ওই এলাকা থেকে নিরাপদে ফিরেছেন। সিবিএসই যুদ্ধ বিধ্বস্ত দেশগুলিতে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাও বাতিল করেছে।
হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলিতে আক্রমণের নিন্দা করেন প্রধানমন্ত্রী।
বলেন, তাঁরা সব সময়েই শান্তি ও মানবতার পক্ষে। তাঁরা বিশ্বাস করেন কুটনীতি ও আলোচনাই একমাত্র সমাধান।
যত দ্রুত সম্ভব শান্তিপুর্ণভাবে সংঘাতের সমাধানের জন্য তাঁরা সব পক্ষকে আর্জি জানাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্ভাগ্যজনকভাবে কিছু মানুষ প্রাণ হারিয়েছেন, অনেকে আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা দেওয়া হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*