রোজদিন ডেস্ক : ভোট ঘোষণার পরপরই প্রার্থী তালিকা। তারপর নির্বাচনী ইস্তাহার। এবার মঙ্গলবার থেকে নির্বাচনী ময়দানে নেমে পড়লেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রথম গন্তব্য উত্তরবঙ্গের ডুয়ার্স। সেখানে চালসায় আজ একটি কর্মিসভা করবেন নেত্রী। সূচি অনুযায়ী উত্তরবঙ্গের ভোট আগে। প্রথম দফায় ২৩ এপ্রিল। তাই উত্তরেই নজর দিয়েছেন তৃণমূলনেত্রী। ঠিক একমাস বাকি প্রথম দফার নির্বাচনের। এই একমাস ঠাসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজ চালসায় স্থানীয় নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এছাড়াও একাধিক বিষয়ে জেলা নেতৃত্বের সঙ্গেও কথা বলবেন তিনি। এর আগে নিজের কেন্দ্র ভবানীপুরে কর্মিসভা সেরে ফেলেছেন নেত্রী। সেখানে জয়ের মার্জিনও ঠিক করে দিয়েছেন অভিষেক। বাংলায় ভোট কার্যত একটা উৎসব। বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন এসআইআর চক্রান্ত করে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে ভোটার তালিকা থেকে। চারমাস আগে থেকেই সেই অন্যায়ের প্রতিবাদে গর্জে উঠেছিল তৃণমূল কংগ্রেস। জল গড়িয়েছে আদালত পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের হয়ে সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে। এবার উত্তরবঙ্গে কর্মীদের এসআইআর নিয়ে তিনি কী বার্তা দেন তা নিয়েও কৌতুহল রয়েছে কর্মীদের মনে।

Be the first to comment