এলপিজি সিলিন্ডার বুকিংয়ের নিয়ম অপরিবর্তিত, জানিয়ে দিল পেট্রোলিয়াম মন্ত্রক

Spread the love

রোজদিন ডেস্ক : এলপিজি সিলিন্ডার বুকিংয়ের নিয়ম অপরিবর্তিতই রইল। বুধবার সকালে জারি করা এক নির্দেশিকায় জানিয়ে দিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। সেই সঙ্গে এদিন সকালে বিবৃতি প্রকাশ করে মন্ত্রক জানাল, গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ব্যবধানে কোনও বদল হয়নি। আগে যা ছিল, তাই রয়েছে। অথচ সিলিন্ডার সরবরাহকারী সংগঠনের দাবি, মঙ্গলবার রাতে তাদের হোয়াটস অ্যাপে কিন্তু বার্তা দিয়ে জানানো হয়েছিল ওই পরিবর্তনের কথা। যা বুধবার সকালে ফের বদলে গেল। তাঁদের অভিযোগ, এদিন সকালে মন্ত্রকের নতুন নির্দেশিকা প্রকাশের পরই তাঁদের ফোন থেকে সেই হোয়াট্‌সঅ্যাপ বার্তাও মুছে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে ওই হোয়াটস অ্যাপ বার্তা ছড়িয়ে পড়তেই আম জনতার মধ্যে শোরগোল পড়ে যায়। বাড়তে থাকে উদ্বেগ। অবশেষে বুধবারের পর কাটল উদ্বেগ। ফলে বর্তমানে যা নিয়ম রয়েছে, তাই চালু রইল। এখন থেকে শহরাঞ্চলে দু’টি সিলিন্ডার বুকিংয়ের মাঝে ব্যবধান থাকবে ২৫ দিন। গ্রামাঞ্চলের ক্ষেত্রে এই ব্যবধান থাকবে ৪৫ দিন। সব ধরনের এলপিজি সংযোগের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*