নির্বাচনে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ছে

Spread the love

রোজদিন ডেস্ক : আসন্ন নির্বাচনে ব্যবহৃত হওয়া বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ছে। পরিবহণ সচিব সৌমিত্র মোহন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে এই সংশোধিত ভাড়ার কথা জানিয়েছেন। নতুন হারে, বাস ভাড়া দৈনিক ২৭৮০ টাকা এবং মিনিবাসের ভাড়া ২৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই হার ছিল যথাক্রমে ২৫৩০ ও ২০৯০ টাকা। ছোট যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে দৈনিক ভাড়া নির্ধারিত হয়েছে ৯৮০ টাকা, যা আগে ছিল ৮৯০ টাকা। সাত আসনের ম্যাক্সি ক্যাবের ভাড়া ১৪৪০ টাকা এবং ১৪ থেকে ২২ আসনের গাড়ির ক্ষেত্রে তা ১৭২০ টাকা ধার্য হয়েছে। গত লোকসভা ভোটে এই হার ছিল যথাক্রমে ১৩১০ ও ১৫৬০ টাকা। কর্মীদের দৈনিক খাওয়ার ভাতা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময়ের ২৫০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২৮০ টাকা। বেসরকারি পরিবহন মালিকেরা রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সিটি সাবার্বান বাস সার্ভিসের তরফে জানানো হয়েছে, দীর্ঘদিনের এই দাবি মেটায় এবার বাস মালিক ও কর্মীরা ভোটের কাজ করতে উৎসাহ পাবেন। পরিবহণ মালিকদের সংগঠন জয়েন্ট ফোরাম অফ ট্রান্সপোর্ট অপারেটার্স গত জানুয়ারিতে ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিল। তাদের বক্তব্য ছিল, টায়ার, লুব্রিক্যান্ট, বডি মেটেরিয়াল, বিমা এবং কর্মীদের মজুরি—সব ক্ষেত্রেই খরচ ২০ থেকে ৩০ শতাংশ বেড়েছে। সেই অনুযায়ী ভাড়া বাড়ানোর দাবি জানানো হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*