দেশজুড়ে চলছে যাচাই অভিযান, শুধু এই রাজ্যেই বাতিল ৩ লক্ষেরও বেশি রেশন কার্ড

Spread the love

রোজদিন ডেস্ক : দেশজুড়ে ভুয়ো রেশন কার্ড বাতিল অভিযানের জেরে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই ৩ লক্ষেরও বেশি রেশন কার্ড বাতিল হয়েছে। মৃত ব্যক্তি, স্থানান্তরিত গ্রাহক এবং নির্দিষ্ট আর্থিক মানদণ্ডের ঊর্ধ্বে থাকা ব্যক্তিদের চিহ্নিত করতেই এই বিশেষ যাচাই অভিযান চলছে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় বর্তমানে দেশে প্রায় ৮০ কোটি মানুষ রেশনে খাদ্যসামগ্রী পান, এবং এই তালিকা থেকে অযোগ্য গ্রাহকদের বাদ দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। রাজ্যের খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রের তরফে ১৭ লক্ষ ২৯ হাজার ৮০২ জন রেশন গ্রাহকের তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছিল। রাজ্য সরকারের রিপোর্ট অনুযায়ী, এর মধ্যে ৩ লক্ষ ৫৮ হাজার ৫৬২টি রেশন কার্ড ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। পাশাপাশি ১ লক্ষ ৮৬ হাজার ৬১২ জন গ্রাহককে বৈধ বলে ঘোষণা করা হয়েছে। বাকি গ্রাহকদের বিষয়ে তদন্ত এখনও চলছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে দেশজুড়ে রেশন গ্রাহকদের যাচাই প্রক্রিয়ায় ইতিমধ্যেই বাতিল হয়েছে বিপুল সংখ্যক রেশন কার্ড। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সারা দেশে প্রায় ৫ কোটি ৯৫ লক্ষ ৭৪ হাজার ৯৬৩ জন গ্রাহকের তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্তের পর ২ কোটি ১৫ লক্ষ ২৯ হাজার ৭৪১টি রেশন কার্ড বাতিল করা হয়েছে। একই সঙ্গে ২ কোটি ১ লক্ষ ৫০ হাজার ৯০৫ জন গ্রাহককে বৈধ বলে চিহ্নিত করেছে রাজ্যগুলি, যদিও এখনও কয়েক কোটি গ্রাহকের যাচাই প্রক্রিয়া চলছে। সারা দেশে এখনও পর্যন্ত প্রায় ৭০ শতাংশ যাচাই কাজ সম্পন্ন হয়েছে, যা প্রায় ৪ কোটি ১৬ লক্ষ গ্রাহককে অন্তর্ভুক্ত করছে। বাকি ৩০ শতাংশ কাজ চলছে। দ্বিতীয় পর্যায়ে আরও প্রায় ৮ কোটি গ্রাহকের নাম রাজ্যগুলির কাছে পাঠানো হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। নিয়ম অনুযায়ী, প্রতিটি রাজ্যে খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় গ্রাহকের একটি নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে কেন্দ্র। ফলে বাতিল হওয়া কার্ডের জায়গায় নতুন যোগ্য গ্রাহকদের অন্তর্ভুক্ত করা সম্ভব। পশ্চিমবঙ্গেও সেই প্রক্রিয়া শুরু হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*