রোজদিন ডেস্ক : এলপিজি সঙ্কট নিয়ে উদ্বেগের মধ্যেই কেন্দ্রকে ফের একপ্রস্থ কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার অন্ডালে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, রাজ্যে উৎপাদিত রান্নার গ্যাস ভিন রাজ্যে পাঠানো চলবে না। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কলকাতা থেকে বিমানে অন্ডালের উদ্দেশে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুক্রবার তিনি বলেন, নির্বাচনের সময়ে বিপুল সংখ্যক বাহিনীর জওয়ান ও সরকারি কর্মী বাইরে থেকে এ রাজ্যে আসবেন। তাঁদের ব্যবস্থাপনা করতে গিয়ে যাতে রাজ্যের সাধারণ মানুষের এলপিজি সরবরাহে সমস্যা না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে কেন্দ্রকে। মুখ্যমন্ত্রীর কথায়, বাংলায় যে গ্যাস উৎপাদন হয়, তা যেন বাইরে না যায়। বাইরে থেকে প্রায় ১০ লক্ষ মানুষ নির্বাচনের ডিউটিতে আসবেন। তাঁদের জন্য গ্যাস দিতে গিয়ে বাংলার মানুষের যাতে সমস্যা না হয়, সেটা নিশ্চিত করতে হবে।
এলপিজির মূল্যবৃদ্ধি নিয়েও কেন্দ্রকে একহাত নেন তিনি। তাঁর দাবি, অতীতে গ্যাসের দাম বিপুল হারে বেড়েছে, ফলে সাধারণ মানুষের উপর চাপ বাড়ছে। পাশাপাশি বিকল্প হিসেবে কেরোসিন সরবরাহ কিছুটা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। যদিও বর্তমানে অধিকাংশ মানুষই রান্নার জন্য গ্যাসের উপর নির্ভরশীল বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
জ্বালানি ছাড়াও এসআইআর নিয়েও তোপ দাগেন তিনি। বলেন, দীর্ঘদিন ধরে সংশোধনের নামে বহু নাম বাদ দেওয়া হচ্ছে। দ্রুত তালিকা প্রকাশ এবং জেলাভিত্তিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তিনি। বলেন, নির্দিষ্ট একটি সম্প্রদায়ের নাম টার্গেট করে বাদ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ ওঠেছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতির জেরে দেশে এলপিজি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হলেও কেন্দ্র ইতিমধ্যেই আশ্বাস দিয়েছে, ঘরোয়া উৎপাদন বৃদ্ধি করে চাহিদা মেটানো হবে। তার মধ্যেই রাজ্যের স্বার্থে গ্যাস সংরক্ষণে জোর দিলেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment