রোজদিন ডেস্ক : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের রাজ্যে বড় প্রশাসনিক রদবদল।করল নির্বাচন কমিশন। ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার বা এআরও মিলিয়ে মোট ৮৩ জন আধিকারিকের বদলি ও নতুন পোস্টিং করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের পাঠানো প্রস্তাবের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, প্রস্তাবিত থাকা অধিকাংশ নামেই অনুমোদন দেওয়া হয়েছে, শুধুমাত্র একটি ক্ষেত্রে বদল করা হয়নি। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, রাজ্যের প্রায় সব জেলার একাধিক ব্লক ও বিধানসভা কেন্দ্রে এই রদবদল কার্যকর করা হচ্ছে। কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম-সহ একাধিক জেলায় বিডিও এবং এআরও বদল করা হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, নির্বাচনী প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখা এবং কাজের গতি বাড়াতেই এই পদক্ষেপ। বিশেষ করে যেসব এলাকায় নির্বাচনী দায়িত্ব গুরুত্বপূর্ণ, সেখানে নতুন আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে।

Be the first to comment