রোজদিন ডেস্ক : কামদুনি আন্দোলনের অন্যতম মুখ টুম্পা কয়াল আজ বিজেপিতে যোগ দিলেন। দলের নেত্রী লকেট চ্যাটার্জি তাঁকে দলে স্বাগত জানিয়ে উত্তরীয় পরিয়ে দেন, তুলে দেন পতাকা।
উল্লেখ্য, সাম্প্রতিক কালের অভয়ার মত ২০১৩ সালে উত্তর ২৪ পরগণার কামদুনির তরুণীকে বাড়ির কাছে নৃশংস ভাবে গণধর্ষণ, হত্যা নিয়ে তোলপাড় উঠেছিল সারা রাজ্যে।
নিহত তরুণীর সঙ্গে হওয়া এই ভয়ংকর ঘটনার বিচারের দাবিতে সোচ্চার হয়ে মুখ্যমন্ত্রীর কোপে পড়েছিলেন তাঁর দুই বন্ধু মৌসুমী ও টুম্পা কয়াল। এই নৃশংস গণধর্ষণ, হত্যার বিচারের দাবিতে আন্দোলনের দুই গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন তাঁরা।
কয়েকদিন আগে বিজেপিতে যোগ দিয়ে বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা ব্যক্ত করেছিলেন টুম্পা কয়াল।
আজ আনুষ্ঠানিক ভাবে তিনি বিজেপিতে যোগ দেন। দল তাঁকে প্রার্থী করবে কিনা তা এখনও পরিস্কার নয়। তবে কৈশোরের বন্ধু কামদুনির নির্যাতিতা সহ রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে তাঁদের লড়াই জারি থাকবে বলে আশাবাদী টুম্পা কয়াল। প্রিয় বন্ধুর ভয়ংকর পরিণামের বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর চোখে চোখ রেখে কথা বলেছিলেন তাঁরা।
কলেজ থেকে ফেরার পথে নিজেদের এলাকাতেই ঘটেছিল এই ভয়ংকর গণধর্ষণ, নৃশংস হত্যাকান্ড। যা মনে পড়লে এখন ও শিউরে ওঠেন এলাকাবাসী, নির্যাতিতার পরিবার, সারা রাজ্যই।

Be the first to comment