রোজদিন ডেস্ক :
প্রার্থী মনোনয়ন নিয়ে তুমুল বিক্ষোভে উত্তপ্ত হোল কংগ্রেসের সদর দফতর বিধান ভবন। আজ দুপুরে বিক্ষুব্ধ কংগ্রেস সমর্থকরা বিভিন্ন কেন্দ্রে দলের প্রার্থীদের নিয়ে বিধানভবনে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন। পারস্পরিক বচসা, ধ্বস্তাধস্তি, গোলমালের জেরে গোটা ভবন রণক্ষেত্রের রূপ নেয়। এক কংগ্রেস সমর্থকের মাথা ফেটে রক্ত ঝরে। এক মহিলা সমর্থক কে মাটিতে ফেলে বেধড়ক মারা হয়। ভবনের সামনে বিক্ষুব্ধ ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় প্রাক্তন বিধায়ক অসিত মিত্র-কে। হাওড়ার আমতার প্রাক্তন বিধায়ককে এবার মনোনয়ন দেয় নি দল। ১৯৯৬ সাল থেকে
চারবার বিধায়ক ছিলেন তিনি। তবে আজকের মত এমন পরিস্থিতি আগে দেখেননি বলে দৃশ্যত ক্ষুব্ধ অসিত মিত্র জানান।
সূত্রের খবর, বালিগঞ্জ কেন্দ্রে প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রর পুত্র রোহন মিত্রকে প্রার্থী করার বিরুদ্ধে নালিশ নিয়ে গোলমালের সূত্রপাত। এই কেন্দ্রে তাঁর প্রার্থী হওয়ার কথা ছিল বলে দাবি করে বিক্ষোভ দেখান জায়েদ হোসেন। নালিশ, বিক্ষোভ, পালটা বিক্ষোভে ক্রমেই অসন্তোষের পারদ চড়তে থাকে। শুরু হয় মারপিট।
অভিযোগ ওঠে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বিরুদ্ধেও। টাকা নিয়ে প্রার্থী করা হয়েছে, এই অভিযোগে উত্তাল হয় বিধান ভবন।
এই সব গোলমাল চলার সময় দলের বড় মাপের নেতাদের কাউকে দেখা যায় নি।
পরে কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। ভবনের সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।
গত ২৯ মার্চ রাজ্যে কংগ্রেসের ২৮৪ জন প্রার্থী র নাম ঘোষণা হওয়ার পর থেকেই হাওড়া সহ একাধিক জেলায় সমর্থকদের বিক্ষোভ আছড়ে পড়ে। আজ দলের সদর দফতরে চলে রীতিমত তান্ডব। যা নিয়ে ক্ষুব্ধ, বিরক্ত একাধিক নেতা, কর্মী, সমর্থকরাও।
প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এই বিষয়ে দলের কর্মী সমর্থকদের শান্ত ভাবে থাকার বার্তা দিয়েছেন।

Be the first to comment