শহর ঢেকেছে রাজনৈতিক হোর্ডিংয়ে, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটমুখী বাংলায় বিভিন্ন রাজনৈতিক দলের টাঙানো হোর্ডিং সমস্যায় জেরবার সল্টলেক সহ গোটা কলকাতা। শহরের মোড়ে মোড়ে লোহার ফ্রেমে আটকানো হোর্ডিংয়ের জেরে ঢাকা পড়েছে গিয়েছে সিগন্যাল। ফলে যাতায়াতে লাল-হলুদ-সবুজের ব্যবধান বুঝতে বেগ পেতে হচ্ছে চালকদের। শুধু তাই নয়, অবৈধভাবে টাঙানো এই সমস্ত হোর্ডিংয়ে আটকেছে কারও জানলা, কারও দরজা। ফলে আলো বাতাস থেকে বঞ্চিত হতে হচ্ছে আমজনতাকে। যা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আইনজীবী কুণাল চক্রবর্তী। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনগুপ্তর ডিভিশন বেঞ্চে। মামলাকারীর আইনজীবী জানান, বিধাননগর, সল্টলেক-সহ কলকাতায় যত্রতত্র বিজ্ঞাপন নিয়ে আগেও মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। আদালত ওই সমস্ত বেআইনি বিজ্ঞাপন খুলে ফেলার নির্দেশ দিয়েছিল। সেই মামলাও বিচারাধীন। তারপরও শহরের বুকে হোর্ডিং কমছে না। যেখানে সেখানে হোর্ডিং নিয়ে সাধারণ মানুষকে সমস্যা পোহাতে হচ্ছে। তাই অবিলম্বে বেআইনি হোর্ডিং খুলতে, আদালতের হস্তক্ষেপ চেয়ে এই মামলা দায়ের করা হয়েছে। আইনজীবীর দাবি, কোনও অনুমতি, কোনও টেন্ডার ছাড়াই এই সমস্ত হোর্ডিং টাঙানো হয়েছে। এমনকি যাদের বাড়ির সামনে টাঙানো হয়েছে তাঁদের সাথেও কথা বলা হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*