রোজদিন ডেস্ক : ইরানকে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি নিয়ে উদ্বেগে সারা বিশ্ব। ইরান তাঁদের দাবি না মানলে রাতারাতি একটি পুরো সভ্যতাকে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। মঙ্গলবার রাতের মধ্যেই তা হতে পারে। কখন, কিভাবে তা হবে বিশদ না জানালেও তাঁর দেশের সামরিক বাহিনী ইরানের সেতু, বিদ্যুৎ কেন্দ্র, পরিকাঠামো ইত্যাদিতে বোমা ফেলতে দ্বিধা করবে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। এর প্রেক্ষিতে নিজের দেশের নাগরিকদের সতর্কবার্তা দিয়েছে ইরান ও।
নিজের সমাজমাধ্যমে ট্রাম্প সমানেই ইরানের উদ্দেশ্যে যেভাবে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন, এতে সমালোচনার ঝড় উঠেছে তাঁর নিজের দেশেও।
ট্রাম্পের সাময়িক যুদ্ধ বিরতির প্রস্তাবকে প্রত্যাখ্যান করে ইরান জানিয়ে দিয়েছে, সাময়িক নয়, স্থায়ী ভাবে যুদ্ধ বন্ধ করতে হবে। ট্রাম্প শেষ মুহূর্ত অবধি তাঁর প্রস্তাব মেনে নেওয়ার জন্য দরজা খোলা বলে জানিয়েছেন।
অন্যদিকে হরমুজ প্রণালী খোলা নিয়ে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রস্তাব নিতে ব্যর্থ হয়েছে। চিন ও রাশিয়া এই প্রস্তাবে ভেটো দিয়েছে। প্রস্তাবের পক্ষে ১১টি ভোট পড়ে। বল প্রয়োগ করে হরমুজ প্রণালী খোলা নিয়ে চিন ও রাশিয়া আপত্তি জানায়। বারবার এই প্রস্তাব বদল করেও ফল হয়নি। বাহরাইনের আনা এই প্রস্তাবে যে কোন ভাবে হরমুজ প্রণালী চালু রাখার কথা বলা হয়।
ট্রাম্পের দেওয়া সময়সীমা মানার কোন খবর এখন অবধি ইরানের পক্ষে মেলেনি। বিশ্বের সব দেশই উদ্বেগের সঙ্গে পরিস্থিতি র ওপর নজর রাখছে।

Be the first to comment