রোজদিন ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনে বুথে বুথে কড়া নজরদারি চালানোর প্রস্তুতি সম্পূর্ণ কমিশন। ইতিমধ্যেই তৈরি অত্যাধুনিক কন্ট্রোল রুম, যেখান থেকে ভোট চলাকালীন প্রতিটি মুহূর্তের ওপর নজর রাখা হবে। ৯০টি অত্যাধুনিক মনিটরের সামনে ২০০ জন মাইক্রো অবজার্ভার সারাক্ষণ নজরদারি চালাবেন। বুথের ভিতর-বাইরের পাশাপাশি এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা এবং নাকা চেকিং পয়েন্টেও নজর রাখা হবে। এই নজরদারির জন্য রাজ্যজুড়ে ইতিমধ্যেই প্রায় ৩ হাজার ক্যামেরা বসানো হয়েছে। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে স্থায়ী ক্যামেরার পাশাপাশি টহলদারি গাড়ির উপরেও বিশেষ ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন, এ বার নজরদারিতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। কন্ট্রোল রুমে আসা লাইভ ফুটেজ বিশ্লেষণের জন্য বিশেষ সফটওয়্যার ব্যবহার করা হবে, যার মাধ্যমে ভিড়ের মধ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করাও সম্ভব হবে। বুথের আশপাশে কোথাও সন্দেহজনক জমায়েত হলেই তাৎক্ষণিক ভাবে সতর্ক বার্তা যাবে মাইক্রো অবজার্ভারদের কাছে। ফলে দ্রুত ব্যবস্থা নেওয়া আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

Be the first to comment