রোজদিন ডেস্ক : এত লোকের নাম পড়েছে তাতে আমার বেশ খারাপই লাগছে। এটা সুপ্রিম কোর্টের অর্ডারই ছিল। যাদের নাম অ্যাডজুডিকেশানে ছিল তাঁরা জেনুইন ভোটার। তাঁদের নাম থাকা উচিত ছিল। এদের জন্য আমি আবার সুপ্রিম কোর্টে যাবো।

বুধবার সকালে চতুর্থবার ভবানীপুর কেন্দ্রে মনোনয়ন জমা দিয়ে ফের এসআইআরে বাদ পড়াদের পাশে থাকার আশ্বাস দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, চিন্তা করবেন না, এবারেও সরকার আমরাই গড়বো। এদিন সকালে মনোনয়ন পেশের পর বেরিয়েই ভবানীপুরের সঙ্গে তাঁর গভীর সম্পর্কের কথাও বলেন তিনি। বলেন, ভবানীপুরেই আমার ধর্ম-কর্ম, এখানেই ছিলাম, আছি। ভবানীপুর আমার সবকিছু।

এর আগে কালীঘাটের বাড়ি থেকে মিছিল করে সার্ভে বিল্ডিং পর্যন্ত যান তৃণমূলনেত্রী। সেই মতোই এদিন সকাল সাড়ে দশটায় কালীঘাটের বাড়ি থেকে বের হন তিনি। তাঁর অপেক্ষায় ভিড় করেছিলেন কর্মী-সমর্থকরা। তাঁদের হাতে ছিল দলের পতাকা, বেলুন। বিরাট মিছিল নিয়ে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে পৌঁছন তিনি। তারপর মনোনয়ন পেশ করেন তৃণমূলনেত্রী। আজও তিনি হুগলিতে বেশ কয়েকটি জনসভা করবেন।

Be the first to comment