রোজদিন ডেস্ক : সরকার এবং সরকার পোষিত কোনও সংস্থার কর্মীরা প্রত্যক্ষ অথবা পরোক্ষ কোনওভাবেই রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের সব জেলাশাসকদের এমনই কড়া বার্তা পাঠালেন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা। সম্প্রতি তিনি জেলাশাসকদের এক নির্দেশিকা পাঠিয়েছেন। তাতে বলা হয়েছে, যদি কোনও সরকারি কর্মীর বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপে যুক্ত থাকার প্রমাণ মেলে, তাহলে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আনা হবে এবং এফআইআর করা হবে। আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে এই নির্দেশিকা দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, ভোটারদের ভয় দেখানো, প্রলোভন দেখিয়ে ভোটকে প্রভাবিত করা, ছাপ্পা ভোট, বুথ জ্যাম বন্ধ করা, ভোটারদের বাড়ি থেকে বুথে যেতে বাধা যাতে না দেওয়া হয় তা ভোট কর্মীদের নিশ্চিত করতে হবে। এই মর্মে সব কর্মীকে পরিষ্কার করে জানিয়ে দিতে হবে বলেও জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন তিনি।

Be the first to comment