সিইসি তাঁদের বেরিয়ে যেতে বলেছেন, অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের!

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে লক্ষ লক্ষ মানুষের নাম এসআইআরে বাদ যাওয়ার প্রতিবাদে সিইসি জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছিলেন তাঁরা। শুনতে হোল বেরিয়ে যান! (গেট লস্ট!) আজ তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন সরোষে এই অভিযোগ করেছেন। যা নিয়ে রাজধানীর রাজনীতি উত্তাল হয়ে উঠেছে।
অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে জানানো হয়, টিএমসি সাংসদরা ভিতরে গিয়ে হৈ চৈ করছিলেন। অন্য সূত্রে খবর, ডেরেক ও’ব্রায়েন-কে সংযত থাকতে বলেন সিইসি জ্ঞানেশ কুমার। রাজ্যে এক লপ্তে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়ায় ফুঁসছে তৃণমূল। আজই ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে চারজন সকাল দশটায় সিইসি জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে যান। কিছুক্ষণের মধ্যেই বেরিয়েও আসেন। ডেরেক ও’ব্রায়েন সরোষে জানান, জ্ঞানেশ কুমার “গেট লস্ট ” বলে তাঁদের ঘর থেকে বার করে দিয়েছেন। তাঁরা বৈঠকে ছটি বিষয়ে বলতে চেয়েছিলেন। কিন্তু কথা শুরু হওয়ার কিছু পরেই জ্ঞানেশ কুমার তাঁদের বেরিয়ে যেতে বলেন। দৃশ্যত ক্ষুব্ধ, উত্তেজিত ডেরেক ও’ব্রায়েন বলেন, “উনি জানেন না, কার সঙ্গে খেলছেন! এটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির তৃণমূল! ”
সিইসি-কে ক্রিমিনাল বলেও তোপ দাগেন তিনি।
অন্য দিকে কমিশনের এক বার্তায় বলা হয়, পশ্চিমবঙ্গে তাঁরা অবাধ, শান্তিপূর্ণ, হিংসামুক্ত নির্বাচন করতে চান। তৃণমূলকে তা জানানো হয়েছে।
সূত্রের খবর, বৈঠকে ডেরেক ও’ব্রায়েন গলা চড়ালে তাঁকে সংযত, শিষ্টাচার সম্মতভাবে কথা বলার অনুরোধও করেন সিইসি।
উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখও সিইসি তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে সুর চড়িয়ে অভিযোগ করেন।
ডেরেক ও’ব্রায়েনের সঙ্গে সাগরিকা ঘোষ, মেনকা গুরুস্বামী, প্রাক্তন সাংসদ সাকেত গোখলেও ছিলেন। তাঁরা সিইসি-কে স্মারকলিপি জমা দিয়ে চলে আসেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*