রোজদিন ডেস্ক :
তাঁর মন্ত্র, সব কা সাথ, সবকা বিকাশ! কিন্তু এই রাজ্যে বিকাশের সঙ্গে সব কিছুর হিসাবও হবে বলে হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ তাঁর রাজ্য সফরের দ্বিতীয় সমাবেশ ছিল আসানসোলে। সেখানেও রাজ্যের সরকার, শাসক দলকে নিয়ে তীব্র আক্রমণ শানান তিনি।
আসানসোল, রানিগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকায় তৃণমূলের মাফিয়া, সিন্ডিকেট রাজ চলছে বলে তোপ দাগেন। টিএমসি-র পাপের ঘড়া পূর্ণ হয়েছে বলে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, আগে দেশের অর্থনীতিতে বাংলার যে অবদান ছিল, এখন তা অনেক কমেছে। আগে অন্য রাজ্য থেকে মানুষ এখানে কাজের জন্য আসতেন। এখন তার বিপরীত ছবি। এখানে শিল্প নেই, কাজ নেই, সর্বত্র কাটমানি, দুর্নীতির রমরমা। এখানে পালটানো দরকার বলে সুর চড়িয়ে তিন বার ধ্বনি দেন তিনি। তাঁর সঙ্গে গলা মেলান উপস্থিত বিশাল জনতা। এখানেও মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
এই সমাবেশেও নারীশক্তির ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। টিএমসি ভয় দেখানোর রাজনীতি করে, তাঁদের আছে ভরসার রাজনীতি! অন্য সব রাজ্য যখন এগিয়ে চলছে, টিএমসি-র অপশাসনে এক সময়ের সব দিকে এগিয়ে থাকা বাংলা, এখন শুধুই পিছোচ্ছে। এর অবসানের জন্য রাজ্যে বিজেপির সরকারকে আনার জন্য তিনি আহবান জানান।

Be the first to comment