রোজদিন ডেস্ক : দার্জিলিং পাহাড়ে যখন তুমুল প্রাকৃতিক দুর্যোগ, তৃণমূল তখন কার্নিভাল উৎসবে মত্ত বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ তোপ দাগেন। উত্তরবঙ্গের নিরাপত্তা নিয়েও এরা ছিনিমিনি খেলে বলে তাঁর অভিযোগ।
আজ শিলিগুড়িতে রাজ্য সরকার ও শাসক দলের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন তিনি। উল্লেখ্য, গত বছর অক্টোবরে তুমুল প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত হয় পাহাড়। বহু মানুষ প্রাণ হারান, বহু ঘর বাড়ি সম্পত্তি নষ্ট হয়। কলকাতা সহ রাজ্যে তখন দুর্গাপুজো, কার্নিভালের উৎসব চলছে। আজ নির্বাচনী প্রচারে এসে সেই সব প্রসঙ্গ তুলে রাজ্যকে তুলোধুনো করেন প্রধানমন্ত্রী। বলেন, পাহাড়, উত্তরবঙ্গে মানুষ যখন হাহাকার করছে, টিএমসি নেতা মন্ত্রীরা তখন উৎসবে মত্ত।
তাঁর আরও অভিযোগ, উত্তরবঙ্গের উন্নয়নে টিএমসি-র কোন ইচ্ছাই নেই। এরা আদিবাসী, চা-বাগান বিরোধী। বিজেপি ক্ষমতায় এলে এই দিকে উন্নয়নে নজর দেবে।
শিলিগুড়ির কাছে গুরুত্বপূর্ণ চিকেন নেকের প্রসঙ্গ তুলেও প্রধানমন্ত্রী সুর চড়ান। বলেন, এই করিডরের নিরাপত্তা নিয়েও টুকরে টুকরে গ্যাং ছিনিমিনি খেলছে। যা দেশের নিরাপত্তার সঙ্গেও জড়িত।
রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, এরা উত্তরবঙ্গের জন্য বরাদ্দ করে না, মাদ্রাসার জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ করে। টিএমসি নিজেদের ভোট ব্যাঙ্ক রক্ষা ছাড়া কিছু করে না।
গত পনের বছরে দুর্নীতি ছাড়া কিছু করেনি বলে তিনি তোপ দাগেন। আজও প্রধানমন্ত্রীর সভায় ভিড় উপছে পড়ে।
যা দেখে খুশি তিনি। বলেন, সব জায়গায় গিয়ে একই ছবি দেখছেন তিনি।

Be the first to comment