উত্তরপ্রদেশ থেকে একজন এসে বলছে, এখানেও বুলডোজার চলবে, আমরা এসবে রাজনীতিতে বিশ্বাস করি না : মমতা

Spread the love

রোজদিন ডেস্ক : মোদি, শাহের পর তৃণমূলনেত্রীর নিশানায় এবার যোগী আদিত্যনাথ। সোমবার সিউড়ির জনসভা থেকে তিনি বলেন, কাল একজন বলেছেন, উত্তর প্রদেশের মতো এখানেও বুলডোজ়ার চলবে। মানে কী? আমি বুলডোজার রাজনীতিতে বিশ্বাস করি না, ভালবাসার নীতিতে বিশ্বাস করি। সিউড়ি ইরিগেশন কলোনির মাঠ থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় লেন, আমাকে ধর্ম শেখাবেন না। আমার ধর্ম মানবধর্ম। আমরা মানবতায় বিশ্বাসী। এদের ধর্ম মানে বিষবৃক্ষ। মানুষের মাথায় বিষ ঢালা এদের ধর্ম! কিছু আরএসএসের নেতা আছে। নানুরে ১১ জন তফসিলি জাতির মানুষকে খুন করেছিল। আমার এক কর্মী এসে বলল ওদের মৃতদেহে দেওয়ার জন্য একটা সাদা চাদরও ছিল না। তখন ভেবেছিলাম সমব্যাথীর কথা। বাংলার ইতিহাস বদলে দিতে চাইছে বিজেপি।

এসআইআরকে ‘বিগ স্ক্যাম’ বলেও মন্তব্য করেন তিনি। বলেন, এত বড় জুমলা এর আগে হয়নি। ভোটার কাটার ষড়যন্ত্র। মাদার টেরেসার সংস্থার থেকেও নাম বাদ দিয়ে দিয়েছে। অমর্ত্য সেনকে তাঁর জমি থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল। আমি এসে তাঁর জমির অধিকার ফিরিয়ে দিয়েছি। কেউ বিজেপিকে ভোট দেবেন না। তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছো? তোমার নেতারা হলদিয়া বন্দর থেকে কত টাকা তোলে? কত টাকা যায় দিল্লি? সৌজন্যের খাতিরে আর বলছি না। ইশারাই কাফি… বুঝে নাও। মোদীবাবুকে জিজ্ঞাসা করুন, কর্মসংস্থানের কী হল। আপনারও তো ১২ বছর হল। ২ কোটি চাকরি কোথায় গেল? আর আমদের প্রশ্ন? আমরা শূন্যপদ পূরণ করতে গেলেই কোর্টে কেস দেয়। যাতে চাকরিগুলো আটকে যায়। এখন চাকরির কথা! এ সব ছলনা আর বাংলার মানুষের সঙ্গে করো না। বিজেপি দেবে চাকরি? রেলে গ্যাংমান নিয়েছে? সেনায় পদ খালি। তার পরেও বলছে চাকরি দেবে! চাকরি দেব আমরা। যারা বাংলায় কথা বললে মারো, তারা কী ভাবে ভোট চাও এখানে? সিউড়িতে অনেক স্কুল, রাস্তা হয়েছে। আমাকে একটা জায়গা দেখিয়ে দিক যেখানে কাজ করিনি। ১০৫টা সোশ্যাল স্কিম আছে বাংলায়। দেউচা পাঁচামিতে ৩২ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। ২ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। ভোটের প্রতিশ্রুতিতে ভাঁওতা দিই না। আগেরবার নির্বাচনে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার দেব। ৫০০ টাকা দিয়ে শুরু করেছিলাম। বিহারে ভোটের আগে আট হাজার টাকা দিয়ে পরে ফেরত নিচ্ছে। আমি ভিডিয়ো দেখাতে পারি। তিন হাজার দেবে বলছে। কখনও এক হাজার টাকা দিয়েছ? বিনা যুদ্ধে কাউকে এক ইঞ্চি জমি ছাড়া যাবেনা। জনতাকে সতর্ক করে তিনি বলেন, বিজেপির কাছ থেকে টাকা নেবেন না। ভুল করবেন না। আমার কাজ আপনাদের সতর্ক করা। অ্যাকাউন্ট বানিয়ে টাকা দেবে বলে কালোটাকা দিয়ে দেবে। তারপর ইডি, সিবিআইয়ের মামলা করবে। জোট বেঁধে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে। যতই করো হামলা হবে SIR-র বদলা, NRC-র বদলা।

ছাব্বিশের নির্বাচনে ২২৬ এর বেশি আসন পাবে তৃণমূল, আত্মবিশ্বাস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উজ্জ্বল প্রার্থী নয় এখানে। প্রার্থী আমি। তৃণমূলের নেতৃত্বে সরকার চাইলে ২৯৪ আসনে আমি প্রার্থী। মোদিজি বলছেন, উনি ২৯৪টি আসনের প্রার্থী। ঠিক আছে। তা হলে আপনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিন। দিয়ে বলুন, আমি বাংলার মুখ্যমন্ত্রী হব। আমাকে ২৯৪ আসনে ভোট দিন। এদিন আরও দুটি জনসভা করেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*